আশুরা ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ৬৩ তাজিয়া মিছিলে বিশেষ ব্যবস্থা

এশিয়া পোস্ট প্রতিবেদক
আশুরা ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ৬৩ তাজিয়া মিছিলে বিশেষ ব্যবস্থা
ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত ৬৩টি তাজিয়া মিছিল ও অন্যান্য শোক কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) বেলা সোয়া ১১টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, ১ থেকে ১০ মহররম পর্যন্ত ঢাকা মহানগরের লালবাগ, ওয়ারী, রমনা, তেজগাঁও, মতিঝিল ও মিরপুর বিভাগের ২৮টি ইমামবাড়া থেকে মোট ৬৩টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। প্রতিটি মিছিলের জন্য নির্ধারিত রুট ও প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি মিছিল ও সমাবেশস্থলে ব্যারিকেড, পিকেট, রুফটপ নজরদারি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। হোসেনি দালানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ড্রোন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট, ক্রাইম সিন টিম ও ডিবির বিশেষ টিম প্রস্তুত থাকবে।

ডিএমপি মোসলেহ্ উদ্দিন জানান, আগামী ২৬ জুন সকাল ১০টা থেকে হোসেনি দালান থেকে ধানমন্ডি লেকের কারবালা পর্যন্ত তাজিয়া মিছিলের নির্ধারিত রুটে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে। যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ, লাঠি, ব্যাগ, স্যুটকেস বা সন্দেহজনক বস্তু বহন করা যাবে না। নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি রাখা যাবে না। আতশবাজি, পটকা, উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম এবং ঢাক-ঢোল ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা থাকবে।

মোসলেহ্ উদ্দিন বলেন, যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ, র‍্যাব এবং সিটিটিসির ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল টিম দ্বারা প্রতিটি ভেন্যু ও রুটে তল্লাশি করা হবে। ইমামবাড়া বা সমাবেশস্থলগুলোতে আর্চওয়ে গেট ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ ডিজিটাল তল্লাশি এবং ম্যানুয়াল চেকিং নিশ্চিত করা হবে। হোসেনি দালান ইমামবাড়ায় একটি অস্থায়ী সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, অনলাইন গুজব প্রতিরোধে সাইবার পেট্রোলিং ও সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং চলবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, ইমামবাড়ার নেতৃবৃন্দ, আয়োজক কমিটি, বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষের সহযোগিতায় পবিত্র আশুরার সব কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনারগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।