logo

বিমানবন্দরে আবারও আটকে দেওয়া হলো মাহদীকে

বিমানবন্দরে আবারও আটকে দেওয়া হলো মাহদীকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসান। ছবি: পারিবারিক সূত্রে পাওয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে জ্যামাইকার উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা ছিল মাহদী হাসানের। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছালে তাকে আটকে দেওয়া হয়। এ কারণে নির্ধারিত ফ্লাইটে তিনি জ্যামাইকা যেতে পারেননি।

মাহদী হাসানের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে তাকে যেতে দেওয়া হয়নি। রাত ৯টা ৩৫ মিনিটে তার নির্ধারিত ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়।

এর আগে বিভিন্ন সময়ও মাহদী হাসানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়ার ঘটনা ঘটে।

সর্বশেষ গত ১৭ আগস্টে হবিগঞ্জ শহরে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়েছিল। প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এদিকে, বিমানবন্দরে আটকে দেওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, মাহদী হাসানের দেশত্যাগে অনুমতি ছিল না। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোন বক্তব্য পাওয়া যায়নি।