মাদ্রাসার ছাদে খেলার সময় দগ্ধ কিশোরীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার তিনতলার ছাদে খেলার সময় বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণ ও বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে আগুনের ঘটনায় দগ্ধ পাঁচ কিশোরীর মধ্যে আতিয়া আক্তার (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকরা জানান, আতিয়ার শরীরের প্রায় ৪৫ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্ন হয়েছিল। এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের ওই দুর্ঘটনায় দগ্ধ পাঁচ কিশোরীকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় দগ্ধ আতিয়া আক্তার মঙ্গলবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ ছিল।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ লামিয়া ও জিদনি বর্তমানে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের দুজনকেই এখনও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।
