রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরা থানাধীন ওয়াপদা রোডের স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি অফিসে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তারা দুজনই প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক বিভাগের কর্মচারী।
গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিষ্ঠানের ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত তাদের কার্যালয়ে প্রবেশ করে। এ সময় চাঁদা না পেয়ে দুই কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এতে হাবিবুরের বাম হাতে এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশের তথ্যমতে, সন্ধ্যা ৭টার দিকে চারজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত ওই অফিসে প্রবেশ করে দুই কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে হাবিবুর রহমানের বাম হাত এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।
পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার এস আই বেলাল হোসেন এশিয়া পোস্টকে বলেন, একটা গুলির ঘটনার খবর পেয়ে সিনিয়র পুলিশ অফিসাররা ঘটনাস্থলে গেছেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রামপুরার ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের একজনের বাম হাতে এবং অন্যজনের ডান পায়ে গুলির আঘাত রয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে তাদের ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হাবিবুর রহমানের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী গ্রামে। তার বাবার নাম দুলাল মিয়া। অন্যদিকে সাজু আহমেদের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা গ্রামে। তার বাবার নাম মো. ইউসুফ।

