Advertisement

কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা ঢাকায় গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা ঢাকায় গ্রেপ্তার
গ্রেপ্তার আসামি। ছবি: সিটিটিসি

রাজধানীর আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়াভিত্তিক মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকীকে (৪০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৬টায় সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সিটিটিসি জানায়, গ্রেপ্তারকৃত মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানায় দায়ের করা মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে রুজুকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে কম্বোডিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের অন্যতম মূলহোতা হিসেবে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

সিটিটিসি জানিয়েছে, মানবপাচার ও আন্তর্জাতিক অপরাধচক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।