logo

ইউল্যাবে অনুষ্ঠিত হলো এমএসজে অ্যালামনাই অ্যাওয়ার্ড ও হোমকামিং

ইউল্যাবে অনুষ্ঠিত হলো এমএসজে অ্যালামনাই অ্যাওয়ার্ড ও হোমকামিং
শনিবার ইউল্যাবে অনুষ্ঠিত হয়েছে এমএসজে অ্যালামনাই অ্যাওয়ার্ড ও হোমকামিং ২০২৬। ছবি: ইউল্যাব সৌজন্যে

স্মৃতি, সাফল্যের স্বীকৃতি ও পারস্পরিক বন্ধনের আবহে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এমএসজে অ্যালামনাই অ্যাওয়ার্ড ও হোমকামিং ২০২৬’।

শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, বর্তমান শিক্ষার্থী এবং অতিথিরা অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগ ও সাফল্য প্রদর্শনী, বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, চলচ্চিত্র প্রদর্শনী, ‘পরিবর্তনশীল গণমাধ্যমশিল্প ও তার সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল’ শীর্ষক গোলটেবিল আলোচনা এবং ‘এমএসজে বিভাগের ভবিষ্যৎ পুনর্গঠন’ শীর্ষক টাউন হল সভা।

সন্ধ্যায় ফোরাম হলে আয়োজিত মূল অনুষ্ঠানের শুরুতে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন শৈবাল সাহা। এরপর স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। অনুষ্ঠানে বিভাগের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডিন এবং এমএসজে বিভাগের প্রধান অধ্যাপক সুমন রহমান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এমএসজে অ্যালামনাই অ্যাওয়ার্ড ঘোষণা ও প্রদান। এ পর্বে বিভাগের কৃতী প্রাক্তন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত সেরা অর্জনকারীরা এবং ‘অ্যাচিভার অব দ্য ইয়ার’ তাদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এমএসজের অ্যালামনাই রিলেশনস সমন্বয়ক ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

সাংস্কৃতিক আয়োজনের শেষ পর্বে ছিল ব্যান্ড সংগীত পরিবেশনা। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন এমএসজে পরিবারের সদস্যদের মধ্যে পুরোনো স্মৃতির পুনরুজ্জীবন, অর্জনের স্বীকৃতি এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার এক আনন্দঘন উপলক্ষ হয়ে ওঠে।