৫ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের

আগামী বছর স্বাস্থ্যবিধিবিষয়ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ শিশুকে সচেতন করার লক্ষ্য নিয়েছে হারপিক বাংলাদেশ। একই সঙ্গে সুবিধাবঞ্চিত শিশু ও এসব পরিবারের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত ‘হারপিক টয়লেট টক ২০২৬’ অনুষ্ঠানে এসব উদ্যোগের কথা জানানো হয়।
এ বছরের বিশ্ব টয়লেট দিবসের গ্লোবাল প্রতিপাদ্য ‘সেফ টয়লেট, ইকুয়াল ফিউচার’। অনুষ্ঠানে শিশুদের জন্য ১০ পর্বের একটি অ্যানিমেটেড সিরিজও চালু করা হয়। গত বছর হারপিকের প্রকাশিত স্বাস্থ্যবিধিবিষয়ক কমিকের পরিচিত দুই চরিত্র দীপু ও তুশিকে নিয়ে তৈরি করা হয়েছে সিরিজটি।
হারপিক বাংলাদেশের উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), সাজেদা ফাউন্ডেশন, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও মজার স্কুলের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রকল্প পরিচালক মো. গোলাম মোক্তাদির। তিনি বলেন, স্যানিটেশন ব্যবস্থায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) অর্জন এখনো বড় চ্যালেঞ্জ। দেশের এখনো প্রায় ১০ কোটি ৯০ লাখ মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধার বাইরে রয়েছে।
রেকিট বাংলাদেশের সিনিয়র ম্যানেজার তাবাসের আহমেদের ওয়েল কামিং স্পিচের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়।
এরপর একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রেকিট বাংলাদেশের হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক এবং মজার ইশকুল প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ। আলোচনাটির সঞ্চালক হিসেবে ছিলেন রেকিট বাংলাদেশের ম্যানেজার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মো. রাকিব উদ্দিন।
আলোচনায় রাজধানীর স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সবার জন্য ব্যবহার উপযোগী টয়লেট নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা আরও বলেছেন, শুধু টয়লেট ব্যবহারের সুযোগ তৈরি করলেই হবে না, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এ জন্য সিটি করপোরেশন, উন্নয়ন সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী নগরজুড়ে স্যানিটেশন সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সবার জন্য উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সবার ব্যবহার উপযোগী টয়লেটের সংখ্যা বাড়ানো প্রয়োজন।
নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে হারপিকের দীর্ঘমেয়াদি উদ্যোগ সম্পর্কে সাবরিন মারুফ তিন্নি বলেন, আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে, স্বাস্থ্যবিধি সম্পর্কে জানাতে এবং দৈনন্দিন অভ্যাসে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। হারপিকের দায়িত্ব শুধু পণ্যের প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং দৈনন্দিন অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনাও আমাদের দায়িত্বের অংশ।
তিনি আরও বলেন, মজার গল্প ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে শিশুদের কাছে স্বাস্থ্যবিধির শিক্ষা আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে চাই আমরা। আমাদের মূল উদ্দেশ্য হলো, মানুষ যেন স্বাস্থ্যবিধির গুরুত্ব বুঝতে পারে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন থাকার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে নেয়।
অনুষ্ঠানে শিশুদের জন্য নতুন অ্যানিমেটেড সিরিজ ‘দীপু-তুশির হাইজিন অভিযান’ চালু করা হয়। ছোট ছোট মজার গল্পের মাধ্যমে শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, টয়লেট ব্যবহারের সঠিক নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে সিরিজটি। হারপিক বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি দেখা যাবে।
এ ছাড়া অনুষ্ঠানে ৩০ জনের বেশি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন, যাদের মাধ্যমে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতার বার্তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিবিষয়ক বিভিন্ন অংশগ্রহণমূলক আয়োজনও ছিল।
রেকিটের টয়লেট পরিষ্কারক ব্র্যান্ড হারপিক ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে এটি দেশের শীর্ষস্থানীয় টয়লেট পরিষ্কারক ব্র্যান্ড।
প্রতিবছর ১৯ নভেম্বর জাতিসংঘের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস পালন করা হয়। বিশ্বজুড়ে স্যানিটেশন সংকট সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সবার জন্য নিরাপদ টয়লেট ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরাই দিবসটির মূল উদ্দেশ্য।







