logo

৩ দিন ধরে নিখোঁজ ১২ বছরের হামিম

৩ দিন ধরে নিখোঁজ ১২ বছরের হামিম
মো. হামিম খান। ছবি : পরিবারের কাছ থেকে নেওয়া

পিরোজপুরের নেছারাবাদে মায়ের বকা খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিন দিন ধরে নিখোঁজ রয়েছে ১২ বছর বয়সি স্কুলছাত্র মো. হামিম খান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে। ৭৭ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ হামিম খান উপজেলার সেহাংগল গ্রামের দিনমজুর মো. জাকির খানের ছেলে। সে স্থানীয় সুন্দোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ছোট বোনকে কোলে নিতে গিয়ে ফেলে দিলে হামিমকে কিছুটা বকাঝকা করেন তার মা মোছা. ছবি বেগম। এর পরপরই অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় হামিম। দুপুরে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে জানা যায়, স্থানীয় আব্দুর রহিমের অটোরিকশায় চড়ে সে স্বরূপকাঠির দিকে গেছে।

এরপর স্বরূপকাঠি ও পার্শ্ববর্তী কাউখালীসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও হামিমের কোনো সন্ধান পাওয়া যায়নি।

হামিমের মা ছবি বেগম আকুতি জানিয়ে বলেন, শনিবার সকালে দুষ্টুমি করায় ছেলেকে একটু বকা দিয়েছিলাম। এরপরই সে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হয়। দুপুরেও না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে সোমবার সন্ধ্যার পর নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, ছোট বোনকে কোল থেকে ফেলে দেওয়াকে কেন্দ্র করে মা বকা দিলে হামিম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবার থানায় জিডি করেছে। বার্তাটি ইতোমধ্যেই দেশের সব থানায় পাঠানো হয়েছে এবং পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে।