logo

বরগুনা জেনারেল হাসপাতালের এক্সরে বিভাগে হামলা, টেকনোলজিস্টকে মারধর

বরগুনা জেনারেল হাসপাতালের এক্সরে বিভাগে হামলা, টেকনোলজিস্টকে মারধর
বরগুনা জেনারেল হাসপাতালের করিডোরে রোগীর স্বজনদের হুড়োহুড়ি। ছবি : ভিডিও থেকে নেওয়া

বরগুনা জেনারেল হাসপাতালের এক্সরে বিভাগে হামলা চালিয়ে এক মেডিকেল টেকনোলজিস্টকে (রেডিওোলজি) মারধরের অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। এক্সরে করতে আসা রুনা নামের এক রোগীর সঙ্গে অতিরিক্ত লোক প্রবেশে নিষেধ করায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় এক্সরে কক্ষের কম্পিউটারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করা হয় বলেও দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরের দিকে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে রুনা নামের এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তার প্রয়োজনীয় এক্সরে করার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বজনরা তাকে এক্সরে বিভাগে নিয়ে যান। তবে রোগীর সঙ্গে ২০ থেকে ২৫ জন লোক থাকায় এক্সরে কক্ষে সবাইকে প্রবেশ করতে নিষেধ করেন মেডিকেল টেকনোলজিস্ট মো. আবুল হোসেন। এতে ক্ষুব্ধ হয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তারা আবুল হোসেনকে মারধর করেন এবং এক্সরে রুমে ভাঙচুর চালান।

হামলার শিকার মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেন বলেন, দুপুরে রুনা নামের এক রোগী এক্সরে করতে আসেন। তার সঙ্গে ২০-২৫ জন লোক ছিল। কক্ষের মধ্যে এত লোক প্রবেশ করায় এক্সরে করতে সমস্যা হচ্ছিল। এ কারণে অতিরিক্ত লোকজনকে কক্ষ থেকে বাইরে যেতে বলায় তারা আমাকে হুমকি দেন। এ ছাড়া রোগীর একটি এক্সরে করার কথা থাকলেও তারা জোর করে দুটি এক্সরে করাতে বলেন। পরবর্তীতে এক্সরে শেষে তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর আবার ফিরে এসে আমাকে মারধর করেন এবং এক্সরে বিভাগে হামলা চালিয়ে কক্ষের ভেতরে থাকা কম্পিউটার ও বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করেন।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এক্সরে বিভাগে থাকা মেশিনগুলোর মূল্য প্রায় কোটি টাকা। হামলার ঘটনায় মেশিনগুলোর কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা সংশ্লিষ্ট প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা করে বলতে পারবেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এক্সরে করাতে গিয়ে রোগীর স্বজনদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।