logo

অসুস্থ দুই গরু জবাই, ২০০ কেজি মাংস পুড়িয়ে ধ্বংস

অসুস্থ দুই গরু জবাই, ২০০ কেজি মাংস পুড়িয়ে ধ্বংস
আমতলীতে অসুস্থ গরুর মাংস জবাই ও বিক্রির চেষ্টার অভিযোগে জব্দকৃত মাংস ধ্বংস করা হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট

বরগুনার আমতলীতে অসুস্থ দুটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে প্রায় ২০০ কেজি মাংস জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে পৌর কর্তৃপক্ষ। এ ঘটনায় কসাইকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে গরু জবাইয়ের নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে গরুর মালিক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আমতলী পৌরসভার একে স্কুল এলাকায় মাংস বিক্রির জন্য আনা হলে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. কবির হোসেন তা জব্দ করেন। এর আগে গত সোমবার গভীর রাতে উপজেলার মহিষডাঙ্গা গ্রামে গরু দুটি জবাই করা হয়।

Advertisement

গরুর মালিক আমিনুল ইসলামের দাবি, সোমবার দুপুরে তার দুটি বলদ গরু অসুস্থ হয়ে পড়লে তিনি সেগুলো উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যান। সেখানে কর্মকর্তা ডা. মীর মো. আশিক বাবুর নির্দেশে তার সহকারী আউয়াল মিয়া গরু দুটির চিকিৎসা করেন। পরে রাতে অবস্থার অবনতি হলে প্রাণিসম্পদ কর্মকর্তা ও তার সহকারী তার বাড়িতে যান। এ সময় ওই কর্মকর্তা গরু দুটি জবাই করার নির্দেশ দেন এবং তার উপস্থিতিতেই কসাই মাইনুদ্দিন চৌকিদার গরু দুটি জবাই করেন।

আমিনুল ইসলামের আরও অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই গরু দুটির অবস্থার অবনতি হয়েছে। পরবর্তীতে প্রাণিসম্পদ কর্মকর্তার নির্দেশেই জবাই করা হলেও মাংস বিক্রির জন্য বাজারে আনার পর পৌরসভা তা জব্দ করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

কসাই মাইনুদ্দিন চৌকিদারও জানান, প্রাণিসম্পদ কর্মকর্তার নির্দেশনা ও উপস্থিতিতেই গরু দুটি জবাই করা হয়েছে। তবে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টরের অনুমতি না নিয়ে এবং পৌরসভার বাইরে জবাই করা মাংস বাজারে আনার কারণে তাকে জরিমানা করা হয়েছে।

পৌরসভার পক্ষ থেকে জব্দ করা মাংস কেরোসিন ঢেলে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন কসাইকে ৬ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে, গরু জবাইয়ের নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর মো. আশিক বাবু জানান, গরুর মালিককে গরু জবাই করার কোনো নির্দেশ তিনি দেননি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। তবে তিনি ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করেছেন।

আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, পৌরসভার ভোক্তা অধিকার আইনে প্রধান নির্বাহী কর্মকর্তা কসাইকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি জানার পর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী কসাইকে জরিমানা করা হয়েছে।