logo

মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি : এশিয়া পোস্ট

বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্নার প্রস্তুতির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রলার মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল বাজারসংলগ্ন খালে নোঙর করা ‘এফভি রাবেয়া’ নামের ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

দগ্ধরা হলেন ট্রলারমালিক দুলাল মিয়া, আলম খান ও মিস্ত্রি বাকি বিল্লাহ হাওলাদার। তারা সবাই পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটি মাছের খাল এলাকায় নোঙর করা অবস্থায় সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। দুপুরে ট্রলারে রান্নার প্রস্তুতির সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ট্রলারের ছাউনি উড়ে যায় এবং আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা কয়েকজন খালে ঝাঁপ দেন। এ সময় ইঞ্জিনরুমে থাকায় বাকি বিল্লাহ হাওলাদার বেশি দগ্ধ হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। বাকি বিল্লাহ হাওলাদারের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকার বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজনের অবস্থাও গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে।