ঝিনাইদহে আ.লীগ নেতাকে ধরতে গিয়ে বাধার মুখে ফিরে এলো পুলিশ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে বিজুর পরিবারের সদস্যদের বাধার মুখে পুলিশ সেখান থেকে পিছু হটে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামে বিজুর বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, ঘটনার সময় বিজু বাড়িতে বসে ছিলেন। অফিসে কোনো দলীয় কার্যক্রম বা নেতাকর্মীর উপস্থিতি ছিল না। কালীগঞ্জ থানা পুলিশের একটি দল এসে কথোপকথনের একপর্যায়ে তাকে নিয়ে যেতে চায়।
বিজুর ছোট ভাই মুস্তাক আহমেদ লাভলু বলেন, পুলিশকে ওয়ারেন্টের (গ্রেপ্তারি পরোয়ানা) বিষয়ে জানতে চাইলে তারা কোনো সদুত্তর না দিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে বাধা দেন। পরে বিজু ভাই সেখান থেকে চলে যান। যাওয়ার সময় দায়িত্বরত এক এসআই তার ব্যবহৃত আইফোনটি কেড়ে নেন। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, আমরা জানতে পারি, বিজুর বাড়ির কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে কার্যক্রম চালাচ্ছেন। নিষেধ করতে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশকে দেখে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।
ওসি আরও বলেন, একপর্যায়ে বিজু দৌড় দিয়ে সেখান থেকে চলে যান। তখন তার পকেট থেকে আইফোনটি পড়ে যায়। ফোনটি বর্তমানে আমার কাছে রয়েছে। তাদের পক্ষ থেকে কেউ এলে ফোনটি ফেরত দেওয়া হবে।






