অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, এবার যারা ইটভাটা চালু করছেন এবং ছোট ছোট চিমনি স্থাপন করেছেন, তাদের এ কাজে আর অর্থ ব্যয় না করাই ভালো। কারণ, অবৈধ ইটভাটাগুলো ভেঙে ফেলা হবে। কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ থেকে বিষ্ণুপুর পর্যন্ত গোমতী সেতু নির্মাণ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইটভাটার মালিকদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, গত বছর অবৈধ ইটভাটা থেকে ইচ্ছা করলে ১০ লাখ টাকা করে নিতে পারতাম। দুই-তিন মাস এলাকায় আসতাম না। কিন্তু সেটা করিনি। কারণ, জনগণ আমাকে ভোট দিয়ে এখানে বসিয়েছে।
মাটিবাহী ট্রাকের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাটিখেকোদের কারণে নির্মাণের এক মাসের মধ্যেই সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। সরকার বারবার সড়ক নির্মাণ করবে না। একটি সড়ক নষ্ট হলে আবার চার-পাঁচ বছর অপেক্ষা করতে হবে। দেবিদ্বার-চান্দিনা সড়কে মাটিবাহী ট্রাক চলাচল করলে জরিমানা করা হচ্ছে। এখন থেকে কোনো ট্রাক আটক করার পর ছাড়িয়ে নিতে হলে আগে এক কিলোমিটার সড়ক মেরামত করে দিতে হবে। এরপর ট্রাক ছেড়ে দেওয়া হবে।
অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যান। যারা অবৈধভাবে মাটি কাটছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।
দেবিদ্বারের পরিস্থিতি তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, সেখানে দুটি পক্ষ রয়েছে—একটি অপরাধীদের, অন্যটি সাধারণ জনগণের। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাটিখেকো, চাঁদাবাজ ও ঘুষখোরদের বিরুদ্ধে লড়াই চলবে।
অবৈধভাবে মাটি কাটা, সড়ক ক্ষতিগ্রস্ত করা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

