আইসিইউর অভাবে ছোট ভাই, চিকিৎসার অভাবে মারা গেলেন বড় ভাইও

‘আইসিইউ লাগবে, কিন্তু তা দিতে পারেনি হাসপাতাল।’ এই আকুতিটুকুই শুধু সম্বল ছিল হতভাগ্য এক বাবার। আইসিইউর অভাবে মারা যান তিনি। সেই শোক কাটিয়ে ওঠার আগেই, মাত্র ৯ মাসের ব্যবধানে একই পরিণতির শিকার হলেন বড় ভাইও। চিকিৎসার খরচ জোগানোর সামর্থ্য না থাকায় এবং উন্নত সেবার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনিও।
ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলা ভাংনী ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে।
ওই গ্রামের মৃত্যু আব্দুস সোবহানের তিন ছেলে আমজাদ হোসেন (৭২), আবুল হোসেন (৬৫) ও আঙ্গুর আলী (৬২)। তিন ভাইয়ের মধ্যে এখন বেঁচে আছেন সবার ছোট আঙ্গুর আলী।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যক্ষ্মায় ভুগছিলেন আবুল হোসেন। নিয়মিত ওষুধ খাওয়ায় যক্ষ্মা থেকে মুক্তি মিলেছিল তার। কিন্তু হঠাৎ করেই তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নিলে জরুরিভাবে আইসিইউয়ের (নিবিড় পরিচর্যা কেন্দ্র) প্রয়োজন পড়ে। কিন্তু সময়মতো সেটি না পাওয়ায় গত ১ ফেব্রুয়ারি মারা যান আবুল হোসেন।
আবুল হোসেনের একমাত্র ছেলে মো. রাসেল মিয়া জানান, তার বাবা যক্ষ্মা ও তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। নিয়মিত ওষুধ সেবনে যক্ষ্মা থেকে মুক্তি মিললেও শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করে। মৃত্যুর আগের দিন ৩১ জানুয়ারি তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, অবিলম্বে প্রয়োজন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউর ব্যবস্থা করতে পারেনি।
বেদনার্ত কণ্ঠে রাসেল বলেন, ‘মারা যাওয়ার এক দিন পর আইসিইউ বিভাগ থেকে ফোন এসেছিল। কিন্তু ততক্ষণে তো আমার বাবা মাটির নিচে চলে গেছেন। ওই সময়ে আইসিইউ পেলে হয়তো বাবাকে বাঁচানো সম্ভব হতো, তিনি আরও কিছুদিন আমাদের মাঝে বেঁচে থাকতেন।’
এ শোকের ক্ষত না শুকাতেই গত মাসের শেষের দিকে একই পরিবারে নেমে আসে আরেক বজ্রাঘাত। আবুল হোসেনের ভাই আমজাদ হোসেনের পেট ফুলে গিয়ে বন্ধ হয়ে যায় পায়খানা। টানা পাঁচ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকলেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরীক্ষার পর তার পাকস্থলীর ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকরা আমজাদের শরীর থেকে মাংসের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান চূড়ান্ত প্রতিবেদনের জন্য। শনিবার (১৪ নভেম্বর) তার প্রতিবেদন হাকে পাওয়ার কথা। কিন্তু ততদিনে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যেতে থাকে।
পরিবারের ভাষ্যমতে, চিকিৎসকদের পরামর্শ ছিল, হাতে চলা স্যালাইন ছাড়া তাকে আর কিছুই খাওয়ানো যাবে না। বাধ্য হয়ে বাড়িতেই স্যালাইন দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলে। কিন্তু একপর্যায়ে তার শরীরের পালস বা নাড়ি খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়ে এবং তিনি প্রচুর রক্তবমি করতে শুরু করেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে তাকে রংপুরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর নগরীর একটি বেসরকারি প্রতিষ্ঠান ডক্টরস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রতিদিন ২৫-৩০ হাজার টাকা খরচ হবে বলে জানান। সেই সামর্থ্য না থাকায় বুকফাটা কান্না নিয়ে আবারও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই ফিরে যেতে বাধ্য হয় পরিবারটি। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে মারা যান আমজাদ হোসেন।
আমজাদ হোসেনের চিকিৎসায় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন ১৪ বছর আগে মারা যাওয়া ছেলের স্ত্রী আলিয়ার জাহান মিষ্টি।
তিনি অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি করা হলেও কোনো জ্যেষ্ঠ বা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এসে রোগীটিকে ঠিকমতো দেখেননি। চিকিৎসাবঞ্চিত হয়ে এভাবে মৃত্যু যেন এখানকার নিত্যদিনের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এর শেষ কোথায়?
আলিয়ার জাহান এশিয়া পোস্টকে বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত বিশেষজ্ঞ ডাক্তার তো দূরের কথা, ডিউটি ডাক্তাররাও আসতে চান না। রাতে যখন আমার শ্বশুরের অবস্থা খারাপ হচ্ছিল, তখনও আকুতি করে ডাক্তারকে পাওয়া দুষ্কর হয়ে। কোনোভাবে ডেকে আনা গেলেও কিছু না বলেই ফেরত যান।’
টাকা দিয়ে মরদেহ নামাতে হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় আমার শ্বশুর। অ্যাম্বুলেন্স ভাড়া করতে গিয়ে দেখা যায় সিন্ডিকেট। সরকারি অ্যাম্বুলেন্সের জন্য দায়িত্বরত চিকিৎসকের সঙ্গে কথা বললে তিনি জানান, সকাল ৯টার আগে তাদের পাওয়া মুশকিল। অথচ ২৪ ঘণ্টা এ সেবা চলার কথা। শুধু তাই নয়, মরদেহ নিচে নামাতে গেলেও ৫০০ টাকা দাবি করা হয়। অনেক কথা বলার পর ১৫০ টাকায় শেষ পর্যন্ত রেহাই পাওয়া যায়।’
পরিবার সূত্রে জানা যায়, আমজাদ হোসেনের একমাত্র ছেলে নূর মোহাম্মদ মাত্র ২৭ বছর বয়সে কিডনিজনিত সমস্যায় মারা যান। কাকতালীয় বা নির্মম হলেও সত্য, তিনিও এ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই ২০১১ সালে মারা যান।
শুক্রবার আমজাদের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। চারদিকে শোকের মাতম। স্বামীকে হারিয়ে স্ত্রী সম্পূর্ণ দিশেহারা ও মুহ্যমান। অন্যদিকে, মৃত ছেলের রেখে যাওয়া নাতনি নিলীমা জাহান চোখের পানিতে বুক ভাসাচ্ছেন দাদার জন্য। দুই বছর বয়সে বাবাকে হারানো নিলীমার মাথার ওপর থেকে শেষ ছাঁয়াটুকুও যে সরে গেল।
নিলীমা বিলাপ করে বলছিলেন, ‘দাদা গো তুই এভাবে চলে গেলু, মোক এখন দেখতবে কাই। তুই ছাড়া মোর যে কেউ নাই। যাওয়ার আগেও পাখি বলে আদুর করলু, এখন মোক কাই আদুর করবে?’
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আমজাদ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


