হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে তিনি হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় ও আন্তরিকতা প্রকাশ করেন।
রোববার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী সিঅ্যান্ডবি মাঠে হেলিকপ্টারে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে সড়কপথে ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় যান তিনি।
মাদ্রাসায় পৌঁছালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের ছেলে ও সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরীসহ শীর্ষ আলেমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরেন। এ সময় উভয়ের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী হেফাজত আমিরের শারীরিক স্বাস্থ্যের খোঁজখবর নেন। পরে দেশের সার্বিক পরিস্থিতি ও নানা সামাজিক-জাতীয় বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাবুনগর মাদ্রাসা ও ফটিকছড়ির আশপাশের এলাকায় সকাল থেকেই উদ্দীপনামুখর পরিবেশ বিরাজ করে। এ সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
.png)


