তরকারিতে লবণ কম দেওয়ায় অপমান, গৃহবধুর আত্মহত্যা

তরকারিতে লবণ কম হওয়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির লোকদের অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন মিম আক্তার (২২) নামে এক গৃহবধূ।
মঙ্গলবার (২১ জুলাই) মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের আজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম আক্তার উপজেলার গোপালপুর ইউনিয়নের আজালিয়া গ্রামের ফরহাদ আকনের স্ত্রী।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মিমের পারিবারিক কলহ লেগে থাকত। মঙ্গলবার দুপুরে রান্না করা তরকারিতে লবণ কম হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে কটূক্তি ও বকাঝকা করেন। একপর্যায়ে মিম অভিমান ও অপমান সহ্য করতে না পেরে ঘরে থাকা ক্ষতিকর কীটনাশক বা কেমিক্যাল পান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যাবিশিষ্ট মাদারীপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই শশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
নিহতের বড় বোন নাজনীন আক্তার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন আমার বোনের ওপর অত্যাচার চালিয়ে আসছিল। তাদের নির্যাতন সহ্য করতে না পেরেই আজ আমার বোন বিষপান করে আত্মহত্যা করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিয়াজ মাহমুদ জানান, হাসপাতালে আনার পথেই মিম আক্তারের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে সুরতহাল ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)





