রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে
-303d37-720x405.webp)
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় গ্রেপ্তার পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে আদালতে হাজির করা হলে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোশারফ হোসেন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার মুক্তার মামলার কোনো সরাসরি শুনানি হয়নি। তিনি আদালতের হাজতে ছিলেন। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। এ ঘটনায় তার বাবা মনু মিয়া গত বছরের ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানিয়েছে, মুক্তার বিরুদ্ধে আল আমিনকে গুম ও হত্যা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি মামলা রয়েছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, আদালতে হাজিরের পর সাবেক এমপি মুক্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
