logo

হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্তে কমিটি

হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্তে কমিটি
হাসপাতালের জানালায় ছিল না গ্রিল। ছবি : এশিয়া পোস্ট

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলার সিঁড়ির পাশের অরক্ষিত জানালা দিয়ে পড়ে এক রোগীর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) হাসপাতালের উপপরিচালক ও মুখপাত্র ডা. মনজুর-এ-মুর্শেদ এ তথ্য জানান।

এর আগে, শনিবার (১৪ নভেম্বর) শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়। তিনি বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার সুলাইমান আলীর স্ত্রী। গত বৃহস্পতিবার মাথাব্যথা ও জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, হাসপাতালের সিঁড়ির পাশের যে জানালায় গ্রিল ছিল না, সেখান দিয়েই নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের উপপরিচালক ডা. মনজুর-এ-মুর্শেদ বলেন, সিঁড়ির পাশের জানালা দিয়ে কীভাবে রোগী নিচে পড়ে মারা গেলেন, তা খতিয়ে দেখতে তিন বিভাগের তিনজন চিকিৎসককে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হাসপাতালের সিঁড়ির অরক্ষিত জানালার বিষয়ে তিনি বলেন, এ সমস্যা সমাধানে স্থানীয় গণপূর্ত বিভাগের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে এসে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করবেন। এরপর বাজেট বরাদ্দ সাপেক্ষে সেসব স্থান সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা চাই, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটুক। তবে আমরা নিজেরা চাইলেও হাসপাতালের কোনো সংস্কারকাজ সরাসরি করতে পারি না।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট