অতিথি পাখি শিকারের প্রস্তুতি, বিলে মিলল ৫ হাজার কৃত্রিম বক

শীতের আগমনে অতিথি পাখির আনাগোনা বাড়তে শুরু করেছে কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে। আর এই সুযোগে পাখি শিকারের প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান চালিয়ে বিলটি থেকে ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ করেছে বন বিভাগ। এ সময় পাখি ধরার জন্য তৈরি শতাধিক ফাঁদঘর ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার মাছকারিয়া বিলে এ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শীতের আগমনে উখিয়ার মাছকারিয়া এলাকার শাপলাবিলে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আসতে শুরু করেছে। এসব পাখির বিচরণে মুখর হয়ে উঠছে বিলের জলাভূমি। তবে পাখির আগমনকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি শিকারিরা। গত কয়েক দিন ধরে বিলের বিভিন্ন স্থানে জাল, কৃত্রিম বক ও ফাঁদঘর তৈরি করে পাখি শিকারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এমন খবর পেয়ে সোমবার সকালে অভিযান চালায় বন বিভাগ।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যান। পরে বিলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাখি শিকারের কাজে ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। এ ছাড়া পাখি ধরার জন্য তৈরি শতাধিক ফাঁদঘর ধ্বংস করার পাশাপাশি ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বক উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার করা বকগুলো অবমুক্ত করা হয়েছে। জব্দ করা কৃত্রিম বক ও জাল এবং পাখি ধরার ফাঁদঘরগুলো ধ্বংস করা হয়েছে। অতিথি পাখি শিকার বন্ধ ও জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


