logo

কৃষকদের সেচ সুবিধা বাড়াতে দেশব্যাপী প্রকল্প নিয়েছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষকদের সেচ সুবিধা বাড়াতে দেশব্যাপী প্রকল্প নিয়েছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী
দেবীগঞ্জে সেচ প্রকল্পের উদ্বোধনকালে বক্তব্য রাখছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : এশিয়া পোস্ট

কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণ, ফসলি জমির উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক করতে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। পানিসম্পদ মন্ত্রণালয়সহ স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দারারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ৮.৯৩০ কিলোমিটার বাঁধ পুনর্বিন্যাস (পুনরাকৃতিকরণ) এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের জন্য লাভজনক একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। দেশব্যাপী এসব প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

উদ্বোধন করা এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার সেচ অবকাঠামোর উন্নয়ন এবং কৃষিকাজে পানির প্রাপ্যতা বাড়াতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, প্রতিমন্ত্রী প্রকল্পের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুন্ডু, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক আলী হ্যাপীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে দারারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ৮.৯৩০ কিলোমিটার বাঁধ পুনর্বিন্যাস, ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়।

প্রকল্পটি দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি, দণ্ডপাল ও দেবীডুবা ইউনিয়নের ভেতর দিয়ে যাওয়া ৯ কিলোমিটার দীর্ঘ ক্যানেলে বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং, পাম্পহাউজ পুনর্বাসন, আউটলেট পুনর্বাসন, কালভার্ট নির্মাণ, অ্যাকুইডাক্ট নির্মাণ এবং মোটর ও পাম্প স্থাপনের কাজে ব্যবহৃত হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড।