logo

ইতালিতে বাংলা কবিতা উৎসব

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
ইতালিতে বাংলা কবিতা উৎসব
ইতালিতে বাংলা কবিতা উৎসবে অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

ইতালির রাজধানী রোমে বৈরী আবহাওয়া ও ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ইতালীয় ও বাংলাদেশি কমিউনিটির যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বাংলা সাহিত্য ও সংস্কৃতির বর্ণিল আয়োজন ‘কবিতা সন্ধ্যা’।

রোমের তোরপিনাত্তারার ‘কাসা দেল্লা কুলতুরা’য় (Casa della Cultura, Tor Pignattara) এই উৎসবের দ্বিতীয় আসর বসে। বৃষ্টিস্নাত পরিবেশে দুই দেশের সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করে।

‘শান্তালিয়া কালচার অ্যান্ড ট্রাভেল’-এর উদ্যোগে এবং স্তেফানো রোমানো, জিয়াউর রহমান ও সিমোনে চেরুল্লির যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমস্থ বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব চ্যান্সারি মো. মারজুক ইসলাম, মিউনিসিপিও ফাইভের প্রেসিডেন্ট মাউরো কালিসতে, বিশ্ব সংগীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী জাকারিয়া, সঞ্চারী সংগীতায়নের পরিচালক সুষ্মিতা সুলতানা এবং ইফতেখারুল আলম কনকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

এ ছাড়া রোম থেকে মিতুল, আলেসান্দ্রো, নাজিয়া, রিফাত ও শাজ্জাদ এবং প্যারিস থেকে মুনির, কব্বো, আল আমিন ও কামরুল হাসনাত অনুষ্ঠানে অংশ নেন। ইতালীয় সাংস্কৃতিক সংগঠন ‘আসিনিতাস’ (ASINITAS)-এর বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।

বাইরে বৃষ্টির রিমঝিম শব্দ আর মিলনায়তনের ভেতরে একের পর এক কবিতা আবৃত্তি, সংগীত, মঞ্চনাটক ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে সুষ্মিতা সুলতানা ও তার প্রতিষ্ঠান ‘সঞ্চারী সংগীতায়ন’-এর শিল্পীদের পরিবেশনা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

আয়োজকদের মতে, বাংলা কবিতাকে ইতালীয় ভাষায় অনুবাদের মাধ্যমে স্থানীয় সমাজের কাছে পৌঁছে দেওয়া এবং দুই সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা মনে করেন, নানা সামাজিক পূর্বধারণার মুখোমুখি হওয়া তোরপিনাত্তারার মতো একটি বহুসাংস্কৃতিক এলাকায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির এমন আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি প্রবাসজীবনের ব্যস্ততায় সাহিত্যচর্চা থেকে দূরে সরে যাওয়া প্রতিভাবান মানুষদের নতুন করে অনুপ্রাণিত করবে এই মঞ্চ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা জানান, এমন আয়োজন প্রবাসীদের দীর্ঘদিনের সুপ্ত সৃজনশীলতাকে নতুন করে জাগিয়ে তুলেছে। শুরুতে একটি সাহসী উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলেও ‘কবিতা সন্ধ্যা’ ইতিমধ্যে বাংলা ও ইতালীয় সংস্কৃতির মেলবন্ধনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। আগামী বছর আরও বৃহৎ পরিসরে উৎসবটির পরবর্তী আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।