গাইবান্ধায় তিনটি পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এসআরবি-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে জিসান ফিলিং স্টেশন ও ইটভাটাসংলগ্ন একটি নির্মাণাধীন হাফ বিল্ডিংয়ের ভেতরে তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমার সন্ধান পায়। পরে এসআরবি-১৩-এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাগুলো উদ্ধার করে।
এসআরবি জানায়, পরে উদ্ধার করা বোমাগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।




