logo

গাইবান্ধা/টানা বৃষ্টিতে আমন ধান ও সবজির ব্যাপক ক্ষতি

জাহিদ খন্দকার
গাইবান্ধা
টানা বৃষ্টিতে আমন ধান ও সবজির ব্যাপক ক্ষতি
টানা বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি। ছবি: এশিয়া পোস্ট

কয়েক মাসের পরিশ্রমের পর বুকভরা স্বপ্ন নিয়ে পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন গাইবান্ধার কৃষকরা। সেই ধান বিক্রি করে সংসারের চাহিদা মেটানো, সন্তানদের পড়াশোনার খরচ জোগানো, ঋণ পরিশোধসহ নানা প্রয়োজন মেটানোর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু হঠাৎ বৃষ্টি ও দমকা বাতাসে সেই স্বপ্নে যেন ছেদ পড়েছে। এছাড়া বৃষ্টিতে বিভিন্ন সবজির ক্ষেতও নষ্ট হয়ে গেছে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন গাইবান্ধার সাত উপজেলার ধান ও সবজিচাষিরা।

সরেজমিনে বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, চলতি নভেম্বর মাসে গাইবান্ধার ওপর দিয়ে তিন দফা ঝড় ও বৃষ্টি বয়ে গেছে। এতে জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকায় মাঠের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। আবার কোথাও ধান কেটে মাঠে শুকাতে দেওয়া স্তূপের নিচে জমেছে বৃষ্টির পানি। অনেক স্থানে কাটা ধানের আঁটি পানিতে ভিজে পড়ে থাকতে দেখা গেছে। এতে ধান শুকানো ও মাড়াই নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। অন্যদিকে শাকসবজি ও পেঁয়াজের ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কিছু এলাকায় মরিচ ও কলার বাগানেও ক্ষতির চিত্র পাওয়া গেছে।

Advertisement

কৃষি বিভাগের প্রাথমিক ক্ষয়ক্ষতির প্রতিবেদনে দেখা গেছে, গাইবান্ধা সদর উপজেলায় ৬২ হেক্টর আমন ধান, ৬ হেক্টর শাকসবজি ও ২৬ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদুল্লাপুর উপজেলায় ১৫ হেক্টর আমন ধান ও ১ হেক্টর শাকসবজির জমি আক্রান্ত হয়েছে। পলাশবাড়ী উপজেলায় ৪৫ হেক্টর আমন ধান ও ২০ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজের জমির ক্ষতি হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলায় ৯ হেক্টর আমন ধান, ৪ হেক্টর শাকসবজি, ৭ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ৮ হেক্টর কলার জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলায় ৪ হেক্টর আমন ধানের জমি আক্রান্ত হয়েছে। সাঘাটা উপজেলায় ঝড়-বৃষ্টিতে ১৬ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজের জমির ক্ষতি হয়েছে। অন্যদিকে, ফুলছড়ি উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ উপজেলায় ১১২ হেক্টর আমন ধান, ৫ হেক্টর শাকসবজি ও ১০ হেক্টর মরিচের জমি দুর্যোগে আক্রান্ত হয়েছে।

সাঘাটা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সাঘাটা উপজেলায় মোট ১৪ হাজার ৩২৮ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৫ হাজার ৩০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। বাকি জমির ধান এখনও মাঠে রয়েছে।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গ্রামের কৃষক সাহাদুল ইসলাম জানান, এক বিঘা জমিতে ধান চাষ করতে প্রায় ১২ থেকে ১৬ হাজার টাকা খরচ হয়। সারসংকটের পাশাপাশি চড়া দামে সার কেনাসহ নানা প্রতিকূলতা মোকাবিলা করে তারা ফসল ফলিয়েছেন। এখন ধান ঘরে তোলার সময় বৃষ্টি ও বাতাসে জমির পাকা ধান নুয়ে পড়েছে। অন্যদিকে কেটে রাখা ধান পানিতে ভিজে যাচ্ছে। এতে উৎপাদন খরচ ওঠানো নিয়েই শঙ্কায় রয়েছেন তিনি।

বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের কৃষক কামরুল মিয়া বলেন, ধান ঘরে তুলতে পারলে পরিবারের অনেক প্রয়োজন মেটানোর পরিকল্পনা ছিল। সন্তানদের পড়াশোনা, সংসারের খরচসহ নানা স্বপ্ন ছিল এই ফসল ঘিরে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সেই স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে। এখন ধান কীভাবে ঘরে তুলবেন, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের কৃষক রহুল আমিন বলেন, সারা মৌসুমের পরিশ্রমের পর ধান ঘরে তোলার সময় এমন পরিস্থিতিতে পড়তে হবে, তা ভাবেননি। জমিতে পড়ে থাকা পাকা ধান এবং পানিতে ভেজা কাটা ফসল দেখে খুব কষ্ট হচ্ছে। সময়মতো ধান শুকাতে ও মাড়াই করতে না পারলে ফসলের মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামের মাজহারুল ইসলাম জানান, বৃষ্টির কারণে তার বেগুনক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া সবজিক্ষেতও বিনষ্ট হয়েছে। একই ইউনিয়নের অনন্তপুর গ্রামের আব্দুর ছাত্তার জানান, কয়েক দিন আগের বৃষ্টিতে তার টমেটোগাছগুলো ঝিমিয়ে পড়েছিল। গত রাতের বৃষ্টিতে গাছগুলো মারা যাচ্ছে।

একই গ্রামের সাকোয়াত হোসেন জানান, গত সপ্তাহের বৃষ্টি এবং গত রাতের বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় তার মরিচ ও টমেটোর ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। আর এক দিন বৃষ্টি হলে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন তিনি।

ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী চরের জসিম উদ্দিন জানান, ঝড় ও বৃষ্টির কারণে তার শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এভাবে প্রতি সপ্তাহে ঝড় হলে তারা বড় ধরনের বিপদে পড়বেন।

সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পুরোপুরি নিরসন করা সম্ভব নয়। তবে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। বৃষ্টিতে ভেজা ধানের রং ও গুণগত মান যেন নষ্ট না হয় এবং কৃষকরা যাতে বাজারে ন্যায্যমূল্য পান, সে বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব বলেও জানান তিনি।

এ বিষয়ে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) সুদর্শন সিকদার জানান, ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলি জমির তালিকা তৈরি করে কৃষি দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলা হয়েছে। মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের খোঁজখবর নিচ্ছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ফসল ও কৃষকদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তালিকা অনুযায়ী সরকারি সহযোগিতা করা হবে।