logo

আইসিইউতে তরুণী, জানেন না তার স্বামী ও ৫ মাসের সন্তান বেঁচে নেই

আইসিইউতে তরুণী, জানেন না তার স্বামী ও ৫ মাসের সন্তান বেঁচে নেই
চিকিৎসাধীন তানিয়ার খোঁজে আইসিইউয়ের সামনে অপেক্ষমাণ স্বজনেরা। ছবি: এশিয়া পোস্ট

পাঁচ মাস আগে সাজ্জাদ হোসেন রুবেল (৩০) ও তানিয়া সুলতানার (২২) কোলজুড়ে এসেছিল মাশরুফা হোসাইন ইলহাম। এই ছোট্ট শিশুটিকে ঘিরে পরিবারের আনন্দের কমতি ছিল না। বাবা-মায়ের ছিল নানা স্বপ্ন। কিন্তু পৃথিবীর মায়া বোঝার আগেই থেমে গেল শিশুটির জীবন। বাবার সঙ্গে একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ইলহাম।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল ইলহাম। পথে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। এতে রুবেল ও ইলহামসহ ৪ জন নিহত হয়েছেন।

Advertisement

এ দুর্ঘটনায় আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তানিয়া সুলতানা। ঘটনার পর থেকে তার জ্ঞান ফেরেনি। তানিয়া জানেন না, তার স্বামী ও সন্তান আর বেঁচে নেই।

নিহত সাজ্জাদ হোসেন রুবেল রামুর দক্ষিণ মিঠাছড়ির ৯ নম্বর ওয়ার্ড চেইন্দা কাইম্যারঘোনা এলাকার বাসিন্দা ছিলেন।

স্বজনেরা জানিয়েছে, মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও নিহত হয়েছে ইলহামের তিন বছর বয়সী ফুফাতো ভাই সাহিল, ফুফু কাশিফা জান্নাত (২০)। নিহত কাশিফার আরেক সন্তান দেড় বছর বয়সী আয়াত মনি আহত হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, শুক্রবার জোহরের নামাজের পর রুবেল সপরিবারে ছোট বোন রিয়া মনির শ্বশুরবাড়ি রাজারকুলের উমখালীতে বেড়াতে যাচ্ছিলেন। তিন শিশুসহ সিএনজিচালিত অটোরিকশায় করে রওনা হয়েছিলেন তারা। পরে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর রেললাইনের পাশে পড়ে ছিল শিশুদের জুতা, জামাকাপড়, উপহারসামগ্রী ও একটি লাগেজ।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিহত সাহিলের নানি মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার নাতিরে আল্লাহ নিয়ে গেছে। তার কী দোষ ছিল? ও তো ছোট মানুষ। আমাদের বুকটা কেন খালি করে দিলি।’

এদিকে নাতি ও সন্তানকে হারিয়েছে সাজ্জাদ হোসাইন রুবেলের বাবা নুরুল ইসলাম ভেঙে পড়েছেন। বার বার হুহু করে কেঁদে উঠে স্থানীয় ভাষায় বলছিলেন, ‘ও বাপ, আপনে নোয়াবি দে। আর পুঁয়াতি থাক্কিলি দে। অ পুত লে, অ বাপ আর নুয়াবি দে তুই? যাবি গৈ দেনে তুই আঁরে ফেলাই।’ অর্থাৎ, বাবা, তুমি আমার সঙ্গে ছিলে। আমাকে এভাবে ফেলে চলে যাবে? আর ফিরে আসবে না?

ইলহামের বড় খালা রিমা আক্তার বলেন, ইলহাম আমাদের পরিবারে খুব আদরের ছিল । তার মায়াভরা হাসি আর কখনো দেখতে পারব না।

কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউর সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আইসিইউতে আমার বোন (তানিয়া) পর্যবেক্ষণে রয়েছে। হাত-পা একটু একটু নাড়াচাড়া করছে। চিকিৎসকেরা বলেছেন তার মাথায় আঘাত লেগেছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর সিদ্ধান্ত জানানো হবে।’

মেয়ে তানিয়ার স্বামী ও সন্তানের মৃত্যু ভেঙে পড়েছেন তার মা আজিজ খানম মুন্নী। বিলাপ করে বলছেন, ‘আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। আমার বুক খালি হয়ে গেল।’

কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. দেলোয়ার হোসেন এশিয়া পোস্টকে বলেন, আহত নারীর মাথার এক পাশে গভীর ক্ষত রয়েছে, যা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছেছে। সিটি স্ক্যানে মস্তিষ্কের সামনের অংশে আঘাত ও রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়েছে।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবারও সিটি স্ক্যান করা হবে। পাশাপাশি স্বজনদের নিউরোসার্জারির মাধ্যমে অস্ত্রোপচারের পরামর্শ দেয়া হয়েছে। এ বিষয়ে স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শামসুল আলম জানান, দুর্ঘটনার প্রায় ১০ মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেখানে ছিটকে পড়া একটি শিশুকে দেখতে পান। পরে শিশুটিকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যান।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে।

রাবেয়া খাতুন

সম্পাদনা

রাবেয়া খাতুন

সাব এডিটর | এশিয়া পোস্ট