নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁর মান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ও শুক্রবার (২০ নভেম্বর) সকালে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত দুজন হলেন শহীদ (৩০) উপজেলার শিশোয়েল গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও সাগর হোসেন মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারের পরিচিত প্রতিষ্ঠান ‘মিঠু টেলিকম’-এর স্বত্বাধিকারী মিঠুর ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মান্দা উপজেলার কালিকাপুর বাজার এলাকায় চার্জার ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চার্জার ভ্যানের যাত্রী শহীদ নিহত হন। এ ঘটনায় আহত দুজন হলেন উপজেলার সোনাপুর গ্রামের মৃত ছুরাফ মণ্ডলের ছেলে মো. নূর নবী (২৮) এবং জিওইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. লতিফ (৩৫)।
অন্যদিকে, শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে মান্দা উপজেলার মহানগর নিচপাড়া এলাকায় চৌবাড়িয়া-দেলুয়াবাড়ি সড়কে ট্রাকচাপায় সাগর হোসেন (সাগর) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের চাপায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাগর হোসেন মারা যান।
পৃথক এই দুই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ছাড়া একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মান্দায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে থানায় সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।





