স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি
জেলা সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে স্মারকলিপি দিয়েছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নির্মাণাধীন ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু ও কলেজে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নিয়োগের বিষয়ে তারা স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন।

বুধবার (১ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে পৃথকভাবে শিক্ষার্থীরা স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব, চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহপরান ভুইয়া, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ এহসান, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নিরব ও ইমতিয়াজ আহমেদ এবং প্রথম বর্ষের শিক্ষার্থী ইয়াসির শাফিন ও প্রিতম রাজবংশীসহ অন্যান্য শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হলেও হাসপাতাল ভবন চালু হয়নি। প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নিয়োগ না হওয়ায় নিয়মিত পাঠদান, ক্লিনিক্যাল শিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তারা আরও উল্লেখ করেন, গত বছরের ১৫ এপ্রিল হাসপাতাল দ্রুত চালুর দাবিতে আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও হাসপাতাল চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সর্বশেষ টানা ১০ দিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট রোডম্যাপ বা পরিকল্পনা জানানো হয়নি।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও বলেন, মেডিকেল শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো হাসপাতালভিত্তিক ক্লিনিক্যাল শিক্ষা। বর্তমানে কলেজে ছয়টি ব্যাচের শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও কাছের হাসপাতাল চালু না থাকায় তারা রোগীদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে চিকিৎসক হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি শিক্ষক সংকটের কারণে একাডেমিক ক্লাস, ক্লিনিক্যাল ক্লাস ও ব্যবহারিক প্রশিক্ষণও ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীরা দুই দফা দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু, সব বিভাগে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং একাডেমিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি আগামী এক কর্মদিবসের মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের একটি জরুরি বৈঠকের আয়োজনের অনুরোধ জানান।