logo

কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপনের উদ্যোগ, পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপনের উদ্যোগ, পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপন ও গোমতী নদীতে নৌপথ সচল করার সম্ভাব্যতা যাচাইয়ে নদীপথ পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপন এবং গোমতী নদীতে নৌপথ সচল করার সম্ভাব্যতা যাচাইয়ে নদীপথ পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম। নদীর নাব্যতা, পানির প্রবাহ ও সেতুর উচ্চতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) দাউদকান্দিতে গোমতী নদীর শেষ প্রান্ত থেকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার পর্যন্ত নদীপথের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। এ সময় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

মো. মুহিদুল ইসলাম বলেন, সরেজমিনে পরিদর্শন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে নৌপথ চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গোমতী নদীর ঢাল অন্যান্য নদীর তুলনায় বেশি হওয়ায় পানি দ্রুত মেঘনা নদীতে চলে যায়। নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ ধরে রাখতে হলে আরও গভীর করে খনন করতে হবে।

তিনি আরও বলেন, উজানের বাঁধ দিয়ে সবসময় পানি ছাড়া হয় না। ফলে গোমতী নদীতে নৌপথ চালুর পরিকল্পনা করার সময় পানির প্রাপ্যতা ও প্রবাহের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

নৌপথ চালুর ক্ষেত্রে সেতুর উচ্চতাকেও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। তিনি বলেন, গোমতী নদীর ওপর অন্তত ৩০টি সেতু রয়েছে। এসব সেতুর উচ্চতা নিয়েও নতুন করে ভাবতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে।

জানা গেছে, ২০২০ সালের মে মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত নৌ-প্রটোকল চুক্তির (পিআইডব্লিউটিটি) দ্বিতীয় সংযোজনীতে গোমতী নদীর এ নৌপথ অন্তর্ভুক্ত করা হয়। তবে নদীর নাব্যতা সংকটসহ বিভিন্ন কারণে এত দিন প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।

সম্প্রতি কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপন এবং গোমতী নদীতে নৌপথ সচল করার উদ্যোগ নেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এরই ধারাবাহিকতায় সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে নদীপথটি পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান।

সংশ্লিষ্টরা মনে করছেন, নৌপথটি চালু করা সম্ভব হলে কুমিল্লার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের নৌযোগাযোগ সম্প্রসারণ এবং বিবির বাজারকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রমে নতুন সম্ভাবনা তৈরি হবে। তবে এ উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে নদীর নাব্যতা, পানির স্বাভাবিক প্রবাহ এবং সেতুগুলোর উচ্চতাসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।