logo

পরিচয় গোপন রেখেই জানানো যাবে অপরাধের তথ্য, চালু হলো ‘সেভ রংপুর’

পরিচয় গোপন রেখেই জানানো যাবে অপরাধের তথ্য, চালু হলো ‘সেভ রংপুর’
. রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে অপরাধ দমনে পরিচয় গোপন রেখে তথ্য প্রদানের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সেভ রংপুর’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন অতিথিরা। ছবি : এশিয়া পোস্ট

নিরাপদ শহর গড়ে তোলার লক্ষ্যে চালু হলো ‘সেভ রংপুর’ নামে একটি ওয়েবসাইট। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকেরা নিজেদের পরিচয় গোপন রেখে অপরাধী ও অপরাধসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছে দিতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির (ওয়েবসাইট ও অ্যাপ) উদ্বোধন করেন প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে ‘সেভ রংপুর’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক আল মামুন বলেন, রংপুরের সাধারণ মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলা জরুরি। কিন্তু অপরাধের তথ্য দিতে গিয়ে অনেকেই ব্যক্তিগত নিরাপত্তা বা পরিচয় প্রকাশের ঝুঁকিতে পড়তে চান না। সে বিষয়টি বিবেচনা করেই ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এখানে পরিচয় গোপন রেখেই মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাস, কিশোর অপরাধ ও ইভটিজিংসহ যে কোনো অপরাধের তথ্য দেওয়া যাবে। সংগৃহীত এসব তথ্য প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হবে, যা অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, অনেকেই নিজ নিজ এলাকার মাদক কারবার, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিষয়ে জানলেও সরাসরি প্রশাসনের কাছে যেতে চান না। আবার তথ্য দিলে আইনি জটিলতায় পড়তে হবে কিংবা সাক্ষী হতে হবে-এমন আশঙ্কায়ও অনেকে তথ্য দিতে আগ্রহী হন না। প্ল্যাটফর্মটিকে আরও কার্যকর করতে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু প্রশাসনের পক্ষে নিরাপদ শহর গড়ে তোলা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করেন এবং অপরাধের তথ্য দেন, তবেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ রংপুর গড়ে তোলা সহজ হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর চেম্বার অব কমার্সের পরিচালক পার্থ বোস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন ও রংপুর মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজসহ অনেকে।