রংপুরে চালু হলো শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল

রংপুর নগরীর মাহিগঞ্জ ও আশপাশের এলাকার মা ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে শহীদ আবু সাঈদের নামে একটি হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। পরিত্যক্ত একটি হাসপাতাল সংস্কার করে সেখানে চালু করা হয়েছে ‘শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল’।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নগরীর আদিশহর মাহিগঞ্জ এলাকায় সাবেক বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের সংস্কার করা ভবনে মা ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হাসপাতালটির উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী। এ সময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান ইবনে তাজ ও ডা. ইসমত নিগার স্বপ্না উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালটিতে সপ্তাহে তিন দিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেবেন। পাশাপাশি প্রতিদিন চলবে টিকাদান কার্যক্রম। পর্যায়ক্রমে এখানে সিজারিয়ান অস্ত্রোপচার চালু করা এবং হাসপাতালটিকে ২০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, মাহিগঞ্জসহ আশপাশের তিনটি ওয়ার্ডের মা ও শিশুরা এ হাসপাতাল থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা দেবেন। এ ছাড়া প্রতিদিন টিকাদান কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, দ্রুতই হাসপাতালে একজন শিশু বিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের চেষ্টা করা হবে। তাদের সেবা চালু হলে মাহিগঞ্জ ও আশপাশের এলাকার রোগীদের চিকিৎসার জন্য বাড়তি সময় ও অর্থ ব্যয় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে না।






