logo

ঠাকুরগাঁওয়ে ৩১ সারের ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির

তালিকায় বিএনপির পদধারী ৯, চার জনের সন্তান, দুই জনের ভাই ও নয় নেতার স্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৩১ সারের ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

ঠাকুরগাঁওয়ে সম্প্রতি নিয়োগ পাওয়া সারের ডিলার নিয়ে ব্যাপক দলীয়করণ এবং স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। কোনো অভিজ্ঞতা না থাকার পরও অতি গুরুত্বপূর্ণ এই সারের ডিলারশিপ প্রকৃত ব্যবসায়ীদের হাতে না দিয়ে বিএনপি নেতাকর্মী ও তাদের পরিবারের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে।

জানা যায়, ঠাকুরগাওয়ের ৪টি উপজেলার ২৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন ৩১ জন। এর মধ্যে ২৮ জনই বিএনপি নেতাকর্মী ও তাদের পরিবার। ১ জন আওয়ামী লীগ এবং ও দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি।

স¤প্রতি কৃষি মন্ত্রণালয় থেকে প্রকাশিত ৩১ জন ডিলারের তালিকা পর্যালোচনা করে দেখা যায় এতে বিএনপির পদধারী নেতা রয়েছেন ৯ জন। বিভিন্ন পদে থাকা বিএনপির ৯ নেতার স্ত্রীও নাম লিখিয়েছেন সারের ডিলারশিপ ব্যবসায়। এছাড়া ৪ নেতার সন্তান ও ২ নেতার আপন ভাইও রয়েছেন তালিকায়। বাকিরা তাদের নিকট আত্মীয়। এতে দীর্ঘদিন ধরে ব্যবসা করা প্রকৃত ব্যবসায়ীরা আবেদন করেও সারের ডিলার হতে পারেননি। এদিকে জেলার রানীশংকৈল উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকেও ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

যে নেতারা সারের ডিলারের তালিকায়

তালিকায় পদধারী নেতাদের মধ্যে ডিলার মনোনীত হয়েছেন পীরগঞ্জের সেনগাঁও ইউনিয়নে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান, বড় পলাশবাড়ীতে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, দুওসুও ইউনিয়নে তাঁতি দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হায়দার আলী, ভানোর ইউনিয়নে বিএনপি সদস্য রফিকুল ইসলাম, হরিপুরের ডাঙ্গীপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি করিমুল হক, হরিপুর ইউনিয়নে ওলামা দলের সভাপতি দরিবুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, হোসেনগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির হোসেন এবং কোষারানীগঞ্জ ইউনিয়নে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেজবাহুল পারভেজ।

৯ নেতার স্ত্রীদের ডিলারশিপ

তালিকায় রয়েছেন পীরগঞ্জ পৌরসভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানূল হকের স্ত্রী শ্যামলী আক্তার, ভোমরাদহ ইউনিয়নে বিএনপি সভাপতি আবুল হোসেনের স্ত্রী রেনুয়ারা বেগম, খনগাঁওয়ের বিএনপি সভাপতি রুস্তম আলীর স্ত্রী মিরা আক্তার, হাজীপুরে বিএনপি সভাপতি আমিনুল ইসলামের স্ত্রী ফেরদৌসি বেগম, পারিয়া ইউনিয়নে বিএনপি সহ-সাধারণ সম্পাদক আরফান আলীর স্ত্রী নাজনীন বেগম, ধনতলায় বিএনপি সভাপতি সেলিম জাবেদের স্ত্রী সাবিনা আক্তার, বড়বাড়িতে বিএনপি সভাপতি জুলফিকার আলীর স্ত্রী নুরজাহান আক্তার, রানীশংকৈল পৌরসভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীর স্ত্রী পারুল বেগম এবং কাশিপুর ইউনিয়নে যুবদল সভাপতি দেলোয়ার হোসেনের স্ত্রী ময়না আক্তার।

নেতাদের সন্তানরাও হয়েছেন সারের ডিলার

চার নেতার সন্তানদের নামেও নেওয়া হয়েছে সারের ডিলারশিপ। পীরগঞ্জ ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের মেয়ে শবনম মুস্তারী সিনথিয়া, জাবরহাটে বিএনপি সভাপতি জাহিদুর রহমানের ছেলে আহমেদ আব ইয়াজ, আমগাঁওয়ে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহেরের ছেলে মশিউর রহমান এবং লেহেম্বা ইউনিয়নে বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান মো. হাসানের মেয়ে মিথিলা সানজিদা সিমি।

অভিযোগের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী এশিয়া পোস্টকে বলেন, দীর্ঘদিন দলের নেতাকর্মীরা সুযোগবঞ্চিত ছিলেন। এখন অনেকে ব্যবসায়ে মনোযোগ দেওয়ায় আবেদন করেছেন। ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম এশিয়া পোস্টকে বলেন, ডিলার নিয়োগ ইউএনও ও ডিসির মাধ্যমে হয়েছে। অনিয়ম হলে সেটি তাদের দায়। এখানে আমার কোনো ভূমিকা নেই।

তবে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এশিয়া পোস্টকে জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শে উপজেলা কমিটি যাচাই-বাছাই করে সুপারিশ পাঠিয়েছে। মন্ত্রণালয় সেই অনুযায়ী তালিকা চূড়ান্ত করেছে এবং এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।