চট্টগ্রামে দুই খাবার প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরে অনিরাপদ ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে ‘বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারী’ ও ‘মেজ্জান হাইলে আইয়ুন’-কে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই অভিযানে ‘বারকোড ফুড জাংশন’-কে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) চট্টগ্রামের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম এশিয়া পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিশুদ্ধ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানকালে বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারী এবং মেজ্জান হাইলে আইয়ুনে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে পচা চিজ ও পচা-বাসি সাবুর দানা সংরক্ষণ, প্লাস্টিকের খাঁড়িতে ভাতের মাড় গালা, মেয়াদহীন কেক রাখা এবং রক্তমাখা মাংস (যা ডগ ফুড বলে দাবি করা হয়) সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া ময়লা কম্বলে মোড়ানো প্লাস্টিকের পাত্রে দই উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াকরণ এবং মেজ্জান হাইলে আইয়ুনে ইঁদুরের উপস্থিতি ও ইঁদুরে খাওয়া সবজি রান্নার মতো ঘটনা ধরা পড়ে। পাশাপাশি ‘মব’ সৃষ্টি করে আদালতের কার্যক্রমে অসহযোগিতার অভিযোগও ওঠে।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারায় (দণ্ড তফসিল) বর্ণিত ৩৩ ও ৪০ ধারায় প্রতিষ্ঠান দুটিকে ৪ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে এক মাসের মধ্যে বিজ্ঞ আদালতে সশরীরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে অভিযানের সময় বারকোড ফুড জাংশনে তাৎক্ষণিক সংশোধনযোগ্য কিছু অসংগতি দেখা যাওয়ায় প্রতিষ্ঠান বা মালিকপক্ষকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চল ও জেলার নিরাপদ খাদ্য পরিদর্শক, সিএমপির এসআরবি-৭ এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল এই কার্যক্রমে সমন্বয় করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



