logo

অভিযানের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

অভিযানের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত
অভিযুক্ত আজগর আলী। ছবি : এশিয়া পোস্ট

সাতক্ষীরার দেবহাটায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অভিযান চলাকালে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত ও তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি আইসক্রিম কারখানার মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। এ সময় তাকে গালিগালাজ ও মারধরের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে দেবহাটা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অভিযানের সময় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাহিদ হাসান দৈনিক ‘রূপান্তর প্রতিদিন’ ও ‘দৈনিক সাতক্ষীরার খবর’ পত্রিকায় কাজ করেন। এ ঘটনায় তিনি দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) দুপুরে দেবহাটা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অভিযানের খবর পেয়ে তিনি উপজেলার দক্ষিণ সখিপুর এলাকার একটি আইসক্রিম কারখানায় যান। সেখানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে অভিযান চালাচ্ছিল পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। অভিযানের বিষয়ে জানতে চাইলে কারখানার মালিক আজগর আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তার ওপর চড়াও হন। তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হয়। একপর্যায়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। পরে বিষয়টি দেবহাটা থানা-পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোবাইল ফোনটি উদ্ধার করে।

দেবহাটা পল্লী বিদ্যুৎ সাব-জোনালের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আল আমিন হোসেন জানান, অবৈধ বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে আইসক্রিম কারখানা পরিচালনার অভিযোগ পেয়ে রোববার সখিপুরের নিউ সততা আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় কারখানাটির চারটি বৈদ্যুতিক মিটার খুলে আনা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের ভিডিও ও ছবি ধারণ করতে গেলে কারখানা কর্তৃপক্ষ এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী জাহিদ হাসান বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযানের খবর পেয়ে আমি কারখানায় যাই। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অভিযান ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে জানতে চাইলে কারখানার মালিক আজগর আলী ও এক নারী আমার ওপর চড়াও হন।

তিনি আরও বলেন, তারা আমাকে লাঞ্ছিত করেন এবং মুঠোফোন কেড়ে নেন। পরে ওসিকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট