মাগুরায় ৪০০ বছরের কালীমন্দিরে চুরি, খোয়া গেল দুষ্প্রাপ্য বিগ্রহ

মাগুরার মহম্মদপুরে প্রায় ৪০০ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী কালীমন্দির থেকে দুষ্প্রাপ্য পাথরের বিগ্রহ, পিতলের মূর্তি, স্বর্ণালংকার ও রুপার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের সাবেক সিনিয়র শিক্ষক ও বিশিষ্ট ধর্মীয় আলোচক স্বপন চক্রবর্তীর বাড়ির মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন মহলে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে।
মন্দিরের মালিক ও পুরোহিত স্বপন চক্রবর্তী জানান, বুধবার সন্ধ্যা ৮টার দিকে মন্দিরে ঠাকুর সেবা ও কীর্তনাদি শেষ করে তিনি দরজায় তালা দিয়ে ঘরে চলে যান। রাত ১১টা পর্যন্ত পরিবারের সদস্যরা জেগে ছিলেন। এরপর তারা ঘুমিয়ে পড়েন। পরদিন বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তার সহধর্মিণী নিয়মিত পূজা ও প্রণামের উদ্দেশ্যে মন্দিরে গিয়ে দেখেন, দরজা খোলা এবং সিটকানি ও তালা ভাঙা। পরে মন্দিরের আলো জ্বালিয়ে ভেতরে সব জিনিসপত্র লণ্ডভণ্ড ও এলোমেলো অবস্থায় দেখতে পান।
স্বপন চক্রবর্তীর দেওয়া তথ্য অনুযায়ী, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পিতলের তৈরি চারটি গোপাল বিগ্রহ (একটি বড় ও তিনটি ছোট), ভারতের বৃন্দাবনের গোবর্ধন পর্বতের দুষ্প্রাপ্য পাথরের তৈরি একটি গিরিধারী বিগ্রহ এবং বড় দুটি রাধাকৃষ্ণ মূর্তির প্রায় ১৪ ভরি ওজনের সোনার প্রলেপযুক্ত রুপার মুকুট। এ ছাড়া গোপাল ও রাধাকৃষ্ণ বিগ্রহের কপালে থাকা সাত-আটটি সোনার টিপ এবং সিমেন্ট-রডের তৈরি রাধাকৃষ্ণ বিগ্রহের কপাল থেকে আরও দুই-তিনটি সোনার টিপ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, বৃন্দাবনের গোবর্ধন পর্বতের পাথরের তৈরি গিরিধারী বিগ্রহটি বাজারে কিনতে পাওয়া যায় না। এর ধর্মীয় ও ঐতিহ্যগত মূল্য টাকা দিয়ে বিচার করা সম্ভব নয়। প্রাথমিকভাবে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকারসহ অন্যান্য সামগ্রীর আনুমানিক মূল্য তিন থেকে চার লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
চুরির খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহম্মেদ, অফিসার ইনচার্জ (তদন্ত) এবং উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের একটি দল। এ সময় কাজী সালিমাহক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, মহম্মদপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নওশের আলী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দ্রুত ঘটনার কিনারা করার আশ্বাস দিয়েছেন বলে জানান স্বপন চক্রবর্তী।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহম্মেদ বলেন, এ ঘটনায় এখনো লিখিত কোনো মামলা হয়নি। মন্দিরের পুরোহিত সুবিধাজনক সময়ে থানায় এসে মামলা করবেন। তবে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহসহ পুলিশের তদন্ত কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।