তিস্তায় সেতুর দাবিতে ঘোড়দৌড়, অংশ নিল ৪০টি ঘোড়া

তিস্তা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করেছেন রংপুরের পীরগাছা উপজেলার স্থানীয় যুবকরা। এ দাবিতে নদীর পানিশূন্য চরে দুই দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়সহ আশপাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের পানিয়ালের ঘাটসংলগ্ন তিস্তা নদীর চরে এ প্রতিযোগিতা শুরু হয়। শনিবারও প্রতিযোগিতা চলে। এতে ছয় বছর বয়সি পঞ্চগড়ের সাব্বির সবাইকে পেছনে ফেলে বিজয়ী হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রংপুরের পীরগাছা, কুড়িগ্রামের উলিপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ পানিয়ালের ঘাট দিয়ে চলাচল করেন। দীর্ঘদিন ধরে এই ঘাটে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। সেতু না থাকায় তিন উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের প্রত্যাশা, এখানে সেতু নির্মিত হলে তিন জেলার মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে নৌকা এবং শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়ি এ এলাকার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম ভরসা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়াও কঠিন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা নাহিদ ইসলাম ও সাইফুল ইসলাম বলেন, পানিয়ালের ঘাটে একটি সেতু নির্মিত হলে রংপুরের পীরগাছা ও কুড়িগ্রামের উলিপুরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে। একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
আয়োজক কমিটির প্রধান শাকিল সরকার বলেন, কয়েক দফায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেছেন। তবে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা।
এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, সেতুটি নির্মাণের বিষয়ে কারিগরি পর্যবেক্ষণ চলছে। মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কয়েকবার উচ্চপর্যায়ের একটি দল এলাকা পরিদর্শন করেছে। সম্ভাব্যতা যাচাই শেষ হলে সেতুটি নির্মাণ করা সম্ভব হবে। তবে এ প্রক্রিয়া সময়সাপেক্ষ।






