আনোয়ারায় ছুরিকাঘাতে মা-বাবা খুন, অভিযুক্ত ছেলে আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকাসক্ত ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা ও বাবা খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হলেন ওই এলাকার মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত এবং তার স্ত্রী কল্পনা দাশ। অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে নিজ ঘর থেকে আটক করে পুলিশ।
প্রতিবেশীরা জানান, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছিল। শনিবার সকালে মা-বাবার সঙ্গে তিনি বাইরে যান। পৌনে ১২টার দিকে বাড়িতে ফিরে আসেন। কিছুক্ষণ পর হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তিনি মায়ের ওপর হামলা চালান।
ছেলেকে থামাতে বাবা এগিয়ে এলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রিমন। স্থানীয়রা এগিয়ে এলে কল্পনা দাশকে ঘটনাস্থলে মৃত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান জানান, পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে। ঘটনাস্থল থেকে মায়ের এবং হাসপাতাল থেকে বাবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)






