logo

মুন্সীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

মুন্সীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
মানচিত্রে মুন্সীগঞ্জ। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তানিশা ও রায়হান নামে যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চসীমউদ্দীন গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তানিশা ও রায়হান কুয়েতপ্রবাসী শরীফ মিয়ার সন্তান। তাদের স্থায়ী ঠিকানা রাজধানীর ডেমরা এলাকায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, যমজ ভাই-বোন কয়েকদিন আগে নানাবাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় তারা। একপর্যায়ে একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তাদের নানা কাশেম মিয়া বলেন, সবার অজান্তে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে প্রথমে একজন পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, নানাবাড়িতে বেড়াতে এসে যমজ ভাই-বোন পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।