পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাগাড়, বিক্রি ৮৭ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ৩৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। সোমবার (২২ জুন) সকালে মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে কেজিপ্রতি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৮৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে জেলে কৃষ্ণ ও তার সহযোগীরা বড় আকৃতির এই বাগাড় মাছ পান। পরে সেটি দৌলতদিয়া বাইপাস সড়কে অবস্থিত মহন মন্ডলের আড়তে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়ার পাঁচ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ কিনে নেন।
তিনি জানান, মাছটির ওজন ৩৫ কেজি। নিলামে অংশ নিয়ে কেজিপ্রতি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৮৭ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করেছি। বিক্রির জন্য ঢাকা ও দেশের বিভিন্ন এলাকার পরিচিত ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা লাভ করতে পারলেই মাছটি বিক্রি করে দেওয়া হবে।
গোয়ালন্দ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, বাগাড় মাছ সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকাভুক্ত। তবে মৎস্য সংরক্ষণ আইনে এ মাছ সম্পর্কে নির্দিষ্ট কোনো বিধান নেই।






