
বিদ্যালয়ের ফটকে আইডি কার্ড পাঞ্চ করলেই নিমেষে হাজিরার খবর পৌঁছে যাচ্ছে অভিভাবকের মোবাইল ফোনে। শুধু তা-ই নয়, শ্রেণিকক্ষের সিসিটিভি ক্যামেরা যুক্ত রয়েছে মোবাইল অ্যাপে, ফলে সুদূর সৌদি আরব, কাতার কিংবা দেশের যে কোনো প্রান্তে বসেই শিক্ষক কী পড়াচ্ছেন, সন্তান ক্লাসে কতটা মনোযোগী সবকিছুই সরাসরি দেখছেন অভিভাবকরা। নীলফামারীর কিশোরগঞ্জের প্রত্যন্ত গ্রাম পশ্চিম দল্লিরামের ‘শ্রম কল্যাণ ডিজিটাল স্কুল’ এভাবেই বদলে দিচ্ছে গ্রামীণ শিক্ষাব্যবস্থার চিরচেনা চিত্র।
শুনতে আধুনিক কোনো নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র মনে হলেও বাস্তবে এমন ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম পশ্চিম দল্লিরামে। গ্রামের শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ করে দিতে গড়ে তোলা হয়েছে ‘শ্রম কল্যাণ ডিজিটাল স্কুল’। প্রতিষ্ঠানটির প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে চালু রয়েছে স্মার্ট অ্যাটেনডেন্স সিস্টেম। প্রত্যেক শিক্ষার্থীর জন্য রয়েছে নিজস্ব আইডি কার্ড। বিদ্যালয়ে প্রবেশের সময় নির্ধারিত ডিভাইসে কার্ড পাঞ্চ করলেই উপস্থিতির তথ্য স্বয়ংক্রিয়ভাবে অভিভাবকের মোবাইলে পৌঁছে যায়। কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ে না এলে অভিভাবকের কাছে চলে যায় অনুপস্থিতির বার্তা। এতে সন্তান বিদ্যালয়ে এসেছে কি না, তা নিয়ে দূরে থাকা অভিভাবকদের দুশ্চিন্তা অনেকটাই কমেছে।
এ ছাড়া বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ১৬টি সিসিটিভি ক্যামেরা। এসব ক্যামেরা মোবাইল অ্যাপের সঙ্গে সংযুক্ত থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় অবস্থানরত অভিভাবকরা ঘরে বসেই সন্তানের শ্রেণিকক্ষের কার্যক্রম সরাসরি দেখতে পারেন। এমনকি কাতার, ওমান ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত অভিভাবকরাও দূর থেকে সন্তানদের পড়াশোনার খোঁজখবর রাখতে পারছেন।
বিদ্যালয়ের এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আজমুল লাবীব জানায়, সকালে বিদ্যালয়ে এসে কার্ড পাঞ্চ করলেই তার উপস্থিতির তথ্য মা-বাবার কাছে চলে যায়। কোনো কারণে বিদ্যালয়ে না এলে অভিভাবকরা এসএমএসের মাধ্যমে জানতে পারেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তারা শ্রেণিকক্ষের কার্যক্রমও দেখতে পারেন।
আরেক শিক্ষার্থী রুকাইয়া জান্নাত জানায়, তার বাবা সৌদি আরবে চাকরি করেন। দূরে থেকেও বাবা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তার বিদ্যালয়ের কার্যক্রম সরাসরি দেখতে পারেন। সে কী করছে, শ্রেণিকক্ষে কীভাবে সময় কাটাচ্ছে, এমনকি বিদ্যালয়ে উপস্থিত রয়েছে কি না, তাও জানতে পারেন কার্ড পাঞ্চের মাধ্যমে।
শুধু ডিজিটাল প্রযুক্তির ব্যবহারেই সীমাবদ্ধ নয় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের দক্ষতা ও মেধা বিকাশে রয়েছে নানা ব্যতিক্রমী আয়োজন। নিয়মিত ইংরেজিতে অ্যাসেম্বলি ও পাঠদান, কোরআন শিক্ষার জন্য পৃথক শিক্ষক ও ক্লাস, হাতের লেখা শেখানোর বিশেষ ব্যবস্থা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট রিসোর্স সেন্টার চালু রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। সৃজনশীলতা বিকাশে শিল্পকলা অ্যাকাডেমি, নেতৃত্বের গুণাবলি তৈরিতে স্টুডেন্ট ক্যাবিনেট এবং জ্ঞানচর্চার জন্য রয়েছে নিজস্ব লাইব্রেরি।
বিদ্যালয়টির আরেকটি ব্যতিক্রমী দিক হলো শ্রেণিকক্ষের সামনের টিনের বেড়ায় শিক্ষণীয় বিভিন্ন বিষয় তুলে ধরা। সেখানে বিশ্বের বিখ্যাত ও বিশিষ্ট ব্যক্তিদের অনুপ্রেরণামূলক বাণী, নীতিকথা এবং জীবন গঠনে সহায়ক নানা বার্তা স্থান পেয়েছে। শ্রেণিকক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় শিক্ষার্থীদের চোখে পড়ে এসব বাণী। এর মাধ্যমে পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক চিন্তাধারার বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করার চেষ্টা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহ পরান এশিয়া পোস্টকে বলেন, গ্রামাঞ্চলে অবস্থিত হলেও শিক্ষার্থী ও অভিভাবকদের আধুনিক ডিজিটাল সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে উপস্থিতি, পরীক্ষার ফলাফলসহ বিভিন্ন কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশের সময় কার্ড পাঞ্চ করলে সঙ্গে সঙ্গে অভিভাবকের কাছে উপস্থিতির এসএমএস চলে যায়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে না এলে স্বয়ংক্রিয়ভাবে অনুপস্থিতির বার্তাও পাঠানো হয়।
তিনি আরও বলেন, পরীক্ষার ফলাফলও সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়। বোর্ডের ফলাফলের মতো গ্রেড, পয়েন্ট ও গড় নম্বরসহ বিস্তারিত তথ্য সেখানে সংযুক্ত থাকে। বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরাগুলো অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় অভিভাবকরা দেশের ভেতরে কিংবা বিদেশে অবস্থান করেও সরাসরি শ্রেণিকক্ষের পাঠদান দেখতে পারেন।
প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অ্যাকাডেমিক ফলাফলও আশাব্যঞ্জক বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২২ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শতভাগ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে। ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ছয়জন শিক্ষার্থী। এ ছাড়া বেসরকারি বৃত্তি পরীক্ষাতেও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য।
বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো. রিগান মিয়া এশিয়া পোস্টকে বলেন, তাদের বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর অভিভাবক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত, আবার অনেকে জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করছেন। দূরে থেকেও যেন তারা সন্তানের বিদ্যালয়ে যাওয়া ও ফিরে আসার বিষয়টি নিশ্চিত হতে পারেন, সে লক্ষ্যেই স্মার্ট অ্যাটেনডেন্স সিস্টেম চালু করা হয়েছে। বিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল ও উপস্থিতিসহ সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করছেন তারা। বিদ্যালয়ে স্থাপিত ক্যামেরার মাধ্যমে অভিভাবকরা যে কোনো জায়গা থেকে সন্তানের শ্রেণিকক্ষের কার্যক্রম সরাসরি দেখতে পারছেন। এতে অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের যোগাযোগ ও শিক্ষার্থীদের প্রতি নজরদারি আরও সহজ হয়েছে।
শিক্ষক ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে বর্তমানে পাঠদান কার্যক্রমে নিয়োজিত রয়েছেন ১৬ জন শিক্ষক। প্রতিটি শ্রেণিতে দুজন করে শিক্ষক দায়িত্ব পালন করেন। ফলে কোনো শিক্ষক ছুটিতে থাকলেও পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার সুযোগ নেই। একজন শিক্ষকের অনুপস্থিতিতে অন্য শিক্ষক দায়িত্ব পালন করেন।
প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমন প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা স্থানীয় অভিভাবকদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের মান এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
