চট্টগ্রাম বন্দর কনটেইনার টার্মিনালের ক্রেনে আগুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেনে (আরটিজি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বন্দর ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর যৌথ প্রচেষ্টায় বেলা সাড়ে ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি বা কার্যক্রম দীর্ঘমেয়াদে ব্যাহত হয়নি। বর্তমানে টার্মিনালের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, আরটিজি ক্রেনটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্র তাপে ক্রেনটির কাছাকাছি থাকা চারটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ বলেন, খবর পাওয়ার পরপরই তাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। পরে নৌবাহিনীর একটি দলও আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে এনসিটির একটি নির্দিষ্ট অংশে কনটেইনার ওঠানো-নামানোর কাজ সাময়িক বন্ধ রাখা হয়েছিল। তবে বন্দরের অন্যান্য অংশে কার্যক্রম সম্পূর্ণ সচল ছিল।
চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন যে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় কোনো বিপর্যয় ঘটেনি এবং বর্তমানে টার্মিনালের কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে বন্দর কর্তৃপক্ষ কাজ করছে।







