আল্লাহর আনুগত্য না করলে দুর্ভোগ আসবেই: এটিএম মাছুম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, কুরআনের নির্দেশ অনুযায়ী এক আল্লাহর আনুগত্য না করলে আমাদের কপালে লাঞ্ছনা ও দুর্ভোগ আসবেই। আল্লাহর আনুগত্য বাদ দিয়ে বহু খোদার আনুগত্য করার কারণেই আজ সমগ্র মুসলিম উম্মাহ চরম লাঞ্ছনা ভোগ করছে। তাই আমাদের সকলকে মহান আল্লাহর আনুগত্য করতে হবে।
শুক্রবার (৩১ জুলাই) ফেনী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দারুল ইসলাম ভবনে আয়োজিত দিনব্যাপী উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় এটিএম মাছুম আরও বলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হলে এবং বাংলাদেশকে ৫৫ বছরের অভিশাপ থেকে মুক্তি দিতে হলে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা অর্জনের পূর্বশর্ত হলো গভীর রাতে নির্জনে আল্লাহর নিকট ধর্না দেওয়া।
কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরিক হতে পারাও এক বড় নেয়ামত, যা নাফরমানির কারণে যেন হাতছাড়া না হয় সে ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের আসল পুঁজি হলো চারিত্রিক সৌন্দর্য, নৈতিক মান ও তাকওয়া। মুষ্টিমেয় কিছু লোকের অতি-আবেগ অনেক সময় সংগঠনের জন্য বিপদ ডেকে আনে। দায়িত্বশীলদের আমলগত ত্রুটি ও রূঢ় আচরণের কারণে যেন কর্মীরা দূরে সরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন—কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, নোয়াখালী জেলার সাবেক আমীর মাওলানা আলাউদ্দিন এবং সাবেক জেলা আমীর এ কে এম শামছুদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ ও মাওলানা মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম এবং শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
.png)






