পরীমনির ২৫ সিনেমার ২০টিই ফ্লপ: অপু বিশ্বাস

ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনিকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও পণ্যের প্রচার নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান পরীমনি। তার জবাব দিতেই এবার গণমাধ্যমের সামনে রীতিমতো ফুঁসে উঠলেন অপু।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনিকে নিয়ে কথা বলেন অপু। এ সময় তিনি মন্তব্য করেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটির কয়েকটি এখনও নির্মাণাধীন। অন্যগুলোও তেমন আলোচনায় আসেনি।
অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ, ৫টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
এর আগে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারদের কাজের পার্থক্য নিয়ে কথা বলেছিলেন অপু বিশ্বাস। তার বক্তব্য ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কোনো পণ্যের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় না। ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের কাজের মধ্যে পার্থক্য রয়েছে।
অপুর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান পরীমনি। নিজের ফেসবুক পোস্টে সরাসরি নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে অপুকে উদ্দেশ করে কটাক্ষ করা হয়। একপর্যায়ে তাকে পরগাছার রানি বলেও মন্তব্য করেন পরীমনি।
পরীমনির ওই পোস্টের পর এবার নিজের অবস্থান তুলে ধরলেন অপু বিশ্বাস। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয়তা নিয়েও কথা বলেন তিনি। অপু জানান, ফেসবুক খুব বেশি ব্যবহার করেন না। পরিচিত ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে সেখানে মন্তব্য করেন।
দুই অভিনেত্রীর এই পাল্টাপাল্টি মন্তব্যে ঢালিউডে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

