দীর্ঘ বিরতির পর নাটকের গানে এস আই টুটুল

দীর্ঘ বিরতির পর আবারও নাটকের গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী এস আই টুটুল। ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি থাকছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’য়। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর করার পাশাপাশি সংগীতায়োজন করেছেন সজিব দাস।
নতুন গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এস আই টুটুল। তিনি বলেন, অনেক দিন পর নাটকের জন্য গান গেয়েছেন। গানটির কথা ও সুর দুটোই তার ভালো লেগেছে। কবির বকুলের লেখায় বরাবরের মতোই আলাদা আবেদন খুঁজে পেয়েছেন তিনি। পাশাপাশি সজিব দাসের সংগীতায়োজনেরও প্রশংসা করেছেন এই শিল্পী। তার আশা, গানটি শ্রোতাদের ভালো লাগবে।
এস আই টুটুলকে দিয়ে গানটি গাওয়ানোর কারণও জানিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার ভাষ্য, নাটকের গল্প ও আবহের সঙ্গে গানটির বিশেষ সম্পর্ক রয়েছে। এ কারণে এমন একজন শিল্পীর কণ্ঠ চেয়েছিলেন, যার গানে আবেগ ও দরদ প্রকাশ পাবে। এস আই টুটুলকে সেই জায়গা থেকে উপযুক্ত মনে হয়েছে তার। এই শিল্পীর গায়কিতে গানটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে বলেও মনে করেন নির্মাতা।
নাটকের গল্পের আবহ মাথায় রেখেই তৈরি করা হয়েছে ‘তুমি ছাড়া’। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। তবে ‘প্রাণ সখিয়া’ নাটকে কারা অভিনয় করছেন, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।