দিনে কত কাপ চা পান করা উচিত

চা আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম জনপ্রিয় পানীয়। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কাজের ফাঁকে ফাঁকে একটু সতেজ হওয়ার জন্য এক কাপ চা অনেকেরই ভরসা। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে চা শুধু একটি পানীয় নয়—এটি একটি অভ্যাস, সংস্কৃতি এবং সামাজিক যোগাযোগের অংশ। পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে আড্ডা হোক কিংবা একান্তে নিজের সময় কাটানো, এক কাপ চা যেন সব পরিস্থিতিতেই মানিয়ে যায়।
তবে শুধু স্বাদ বা অভ্যাসের জন্যই নয়, চা পান করার পেছনে রয়েছে স্বাস্থ্যগত দিকও। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী হতে পারে। এটি হজমে সহায়তা করে, মনকে সতেজ রাখে এবং কিছু দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।
কিন্তু প্রশ্ন হলো, উপকার পেতে হলে প্রতিদিন ঠিক কত কাপ চা পান করা উচিত? কম খেলে যেমন কাঙ্ক্ষিত উপকার পাওয়া যায় না, তেমনি বেশি খেলে হতে পারে নানা ধরনের শারীরিক সমস্যা। তাই সঠিক পরিমাণ জানা অত্যন্ত জরুরি।
সাধারণ সুস্থতার জন্য কত কাপ চা যথেষ্ট
যদি আপনি মোটামুটি সুস্থ জীবনযাপন করেন এবং শুধু একটু বাড়তি উপকার পেতে চান, তাহলে প্রতিদিন ১ থেকে ২ কাপ চা পান করাই যথেষ্ট।
সকালে এক কাপ এবং বিকেলে বা সন্ধ্যায় আরেক কাপ চা পান করা যেতে পারে। নিয়মিত চা পান করলে শরীর অ্যান্টিঅক্সিডেন্ট পায়, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।
ওজন কমাতে বা মেটাবলিজম বাড়াতে কত কাপ চা
অনেকেই ওজন কমানো বা মেটাবলিজম বাড়ানোর জন্য চা পান করেন। এই ক্ষেত্রে গ্রিন টি সবচেয়ে বেশি জনপ্রিয়।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্দেশ্যে প্রতিদিন ৩ থেকে ৫ কাপ গ্রিন টি পান করা যেতে পারে। এতে থাকা ক্যাটেচিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের চর্বি পোড়াতে সহায়তা করে।
তবে মনে রাখতে হবে, গ্রিন টিতে ক্যাফেইন থাকে। তাই যারা ক্যাফেইনের প্রতি সংবেদনশীল, তারা রাতে এটি পান না করাই ভালো।
অতিরিক্ত চা পানের ক্ষতি
চা উপকারী হলেও অতিরিক্ত পান করলে কিছু সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ১০ কাপ বা তার বেশি চা পান করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
অতিরিক্ত চা পানের ফলে
- শরীরে আয়রন শোষণ কমে যেতে পারে
- উদ্বেগ ও অস্থিরতা বাড়তে পারে
- ঘুমের সমস্যা হতে পারে
- পেটে গ্যাস, বমিভাব বা অস্বস্তি হতে পারে
- মাথাব্যথা বা বুকজ্বালার সমস্যা হতে পারে
- গর্ভবতী নারীদের জন্য ঝুঁকি তৈরি হতে পারে
- ক্যাফেইনের ওপর নির্ভরশীলতা তৈরি হতে পারে
যারা নিয়মিত চা পান করেন না, তারা শুরুতে দিনে ১ থেকে ২ কাপ দিয়ে শুরু করতে পারেন। এরপর ধীরে ধীরে নিজের শরীরের সহনশীলতা অনুযায়ী পরিমাণ বাড়ানো যেতে পারে।
চা স্বাস্থ্যকর হলেও এর সঠিক পরিমাণ বজায় রাখা জরুরি। প্রতিদিন ১ থেকে ২ কাপ চা সাধারণ স্বাস্থ্যের জন্য ভালো, আর বিশেষ ক্ষেত্রে ৩ থেকে ৫ কাপ পর্যন্ত পান করা যেতে পারে। তবে অতিরিক্ত চা পান করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে।
তাই নিজের শরীরের প্রয়োজন বুঝে এবং পরিমিত মাত্রায় চা পান করাই সবচেয়ে নিরাপদ ও উপকারী।
সূত্র : আর্ট আব টি
.png)





