রামিসা হত্যা: খালাস পাওয়া স্বপ্নার যে সম্পৃক্ততা পান আদালত

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এই মামলা থেকে সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততার কথা তিনি বলেননি। তিনি শুধু বলেছেন, তার স্ত্রী স্বপ্না খাতুন তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।
পর্যবেক্ষণে আরও বলা হয়, সোহেল রানা অপরাধটি করেননি, এমনটি বিশ্বাস করার কোনো কারণ নেই। অপরাধটি ছিল নৃশংস, ভয়াবহ ও অস্বাভাবিক পন্থায় সংঘটিত। ভুক্তভোগী ছিল কোমল বয়সের অসহায় একটি শিশু। তাই তার মৃত্যুদণ্ড কমানোর কোনো কারণ আদালত দেখেননি। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই যথাযথ শাস্তি বলে মনে করেন আদালত।
বিচারক ভীষ্মদেব চক্রবর্তী বলেন, ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আট নম্বর সাক্ষীর সাক্ষ্য এবং ময়নাতদন্ত প্রতিবেদনসহ অন্যান্য সাক্ষ্য-প্রমাণ চিকিৎসক ১৯ নম্বর সাক্ষীর সাক্ষ্যে সমর্থিত হয়েছে। এসব সাক্ষ্য-প্রমাণে আদালত নিশ্চিত হয়েছেন, হত্যাকাণ্ডটি সোহেল রানাই করেছেন এবং ধর্ষণের ঘটনাটিও তার মাধ্যমেই সংঘটিত হয়েছে।
যে কারণে খালাস পেলেন স্বপ্না
ট্রাইব্যুনাল সোহেল রানাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ও ৩০ ধারায় দোষী সাব্যস্ত করেন। ৯(২) ধারায় ধর্ষণ বা ধর্ষণ-পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে নারী বা শিশুর মৃত্যু হলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে ৩০ ধারায় অপরাধ সংঘটনে প্ররোচনা বা সহায়তার জন্য মূল অপরাধের সমান শাস্তির বিধান রাখা হয়েছে।
তবে সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার স্ত্রী স্বপ্না খাতুন অপরাধ সংঘটনে কোনোভাবে সহায়তা করেছেন, এমন কোনো বক্তব্য নেই বলে রায়ে বলেছেন হাইকোর্ট। অন্য সাক্ষীর মাধ্যমেও স্বপ্না খাতুনের ‘কার্যকরী’ কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি, পর্যবেক্ষণে এও বলা হয়। ঘটনার সময় রাত ১১টার দিকে স্বপ্না খাতুনকে কক্ষের ভেতরে পাওয়া গেলেও কেবল এ কারণে ৯(২) ধারার সঙ্গে ৩০ ধারা মিলিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করা কঠিন বলে মনে করে হাইকোর্ট।
স্বামী সোহেল রানাকে অপরাধ সংঘটনে স্বপ্না খাতুন নিষ্ক্রিয়তার মাধ্যমে সহায়তা করেছেন—অ্যাটর্নি জেনারেলের এ যুক্তি গ্রহণ না করে বিচারক বলেন, সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী, স্বপ্না খাতুন কক্ষের ভেতরে দাঁড়িয়ে ছিলেন এবং তার স্বামী কী করেছেন, তা প্রথম সাক্ষীকে (বাবা) জানিয়েছিলেন।
ট্রাইব্যুনাল স্বপ্না খাতুনকে দণ্ডবিধির ২০১ ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন। তবে হাইকোর্ট বলেছেন, ওই ধারার বিধান পর্যালোচনায় স্বপ্না খাতুনের ক্ষেত্রে তা প্রযোজ্য হওয়ার কোনো ভিত্তি পাওয়া যায়নি।
দণ্ডবিধির ২০১ ধারার শেষাংশে অপরাধের প্রমাণ বিলুপ্ত করার উদ্দেশ্যে অপরাধ সম্পর্কে জেনেশুনে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি রয়েছে।
আদালত বলেন, এখানে ওই উদ্দেশ্য বলতে অপরাধের প্রমাণ বিলুপ্ত করার উদ্দেশ্য বোঝানো হয়েছে। কিন্তু স্বপ্না খাতুনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এমন কোনো অভিযোগ আনেনি। এমনকি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এ ধরনের কোনো অভিযোগ নেই।
স্বপ্না খাতুনকে খালাস দিয়ে বিচারক বলেন, অন্য কোনো মামলায় আটক রাখার প্রয়োজন না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।


