logo

শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণে যেসব খাবার খাবেন

শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণে যেসব খাবার খাবেন
ম্যাগনেসিয়ামসমৃদ্ধ খাবার। ছবি: সেন্ট্রিক মেন্টাল হেলথ

শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি খনিজ উপাদান হলো ম্যাগনেসিয়াম। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ঠিকভাবে পরিচালনার জন্য ম্যাগনেসিয়াম দরকার হয়। হৃদস্পন্দন স্বাভাবিক রাখা, পেশির কার্যক্রম, রক্তচাপ নিয়ন্ত্রণ, হাড়ের স্বাস্থ্য ভালো রাখা ও শরীরে শক্তি তৈরিতে এই খনিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরের ৩০০টিরও বেশি রাসায়নিক প্রক্রিয়ায় ম্যাগনেসিয়াম কাজ করে।

শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে এর অভাবজনিত সমস্যা দেখা দেয়। এর ফলে বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হতে পারে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় ম্যাগনেসিয়ামসমৃদ্ধ খাবার রাখা জরুরি।

ম্যাগনেসিয়ামসমৃদ্ধ ১০টি খাবার

কুমড়ার বীজ

Advertisement

ম্যাগনেসিয়ামের অন্যতম ভালো উৎস হলো কুমড়ার বীজ। ২৮ গ্রাম কুমড়ার বীজে প্রায় ১৫০ থেকে ১৬৮ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এতে ফাইবার, আয়রন, স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্টও আছে।

ছবি: দ্য টাইমস অব ইন্ডিয়া
ছবি: দ্য টাইমস অব ইন্ডিয়া

বাদাম

কাঠবাদাম, কাজুবাদাম ও চিনাবাদামে বেশ ভালো পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। ২৮ গ্রাম কাঠবাদামে প্রায় ৮০ মিলিগ্রাম, কাজুবাদামে ৭২ থেকে ৮৩ মিলিগ্রাম এবং চিনাবাদামে ৪৯ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এসব বাদামে প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বিও আছে।

পালংশাক

সবুজ পাতাযুক্ত শাক ম্যাগনেসিয়ামের ভালো উৎস। বিশেষ করে পালংশাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। আধা কাপ রান্না করা পালংশাকে প্রায় ৭৮ মিলিগ্রাম আর এক কাপ রান্না করা পালংশাকে প্রায় ১৫৮ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এতে আয়রন, ম্যাংগানিজ, ভিটামিন এ, সি এবং কে-সহ বিভিন্ন পুষ্টি উপাদান আছে।

ছবি: অল রেসিপিস
ছবি: অল রেসিপিস

ডাল ও শিমজাতীয় খাবার

মসুর ডাল, ছোলা, মটরশুঁটি, সয়াবিন ও বিভিন্ন ধরনের বিনসে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এক কাপ রান্না করা কালো বিনসে প্রায় ১২০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। এসব খাবার প্রোটিন, আয়রন ও ফাইবারেরও ভালো উৎস।

ডার্ক চকলেট

৭০ থেকে ৮৫ শতাংশ কোকোযুক্ত ডার্ক চকলেট ম্যাগনেসিয়ামের ভালো উৎস। ২৮ গ্রাম ডার্ক চকলেটে প্রায় ৬৪ থেকে ৬৫ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। এতে আয়রন, কপার ও অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায়।

ছবি: আইস্টক
ছবি: আইস্টক

অ্যাভোকাডো

অ্যাভোকাডোতে ম্যাগনেসিয়ামের পাশাপাশি পটাশিয়াম, ভিটামিন বি ও ভিটামিন কে রয়েছে। একটি মাঝারি আকারের অ্যাভোকাডোতে প্রায় ৫৮ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায়। এতে ফাইবার ও হৃদস্বাস্থ্যের জন্য উপকারী আনস্যাচুরেটেড ফ্যাটও আছে।

পূর্ণ শস্যজাতীয় খাবার

লাল আটা, ওটস, বার্লি ও কিনোয়ার মতো পূর্ণ শস্যজাতীয় খাবারে ম্যাগনেসিয়াম থাকে। এগুলোতে ফাইবার ও ভিটামিনও রয়েছে। এসব খাবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, পাশাপাশি পরিপাক স্বাস্থ্যকেও ভালো রাখে।

ছবি: পজিটিভ নিউজ
ছবি: পজিটিভ নিউজ

কলা

কলা পটাশিয়ামের জন্য পরিচিত হলেও এতে ম্যাগনেসিয়ামও পাওয়া যায়। একটি বড় কলায় প্রায় ৩৭ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এ ছাড়া এতে ভিটামিন বি৬, ভিটামিন সি ও ফাইবারও থাকে।

মাছ

স্যামনের মতো তৈলাক্ত মাছে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। ১০০ গ্রাম রান্না করা স্যামন মাছে প্রায় ৩০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। এ জাতীয় মাছ প্রোটিন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানেরও ভালো উৎস।

দুধ ও দই

দুধ ও দই শুধু ক্যালসিয়ামের উৎস না, এগুলো থেকেও ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এক কাপ ননফ্যাট দুধে প্রায় ২৪ থেকে ২৭ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আছে। অন্যদিকে, ২২৭ গ্রাম কম চর্বিযুক্ত দইয়ে প্রায় ৪২ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে।

ছবি: বিজনেস টাইমস নিউজ
ছবি: বিজনেস টাইমস নিউজ

প্রতিদিন কতটুকু ম্যাগনেসিয়াম প্রয়োজন?

বয়সভেদে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন প্রায় ৩১০ থেকে ৪২০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন। নিয়মিত বাদাম, বীজ, ডাল, শাকসবজি, ফল ও পূর্ণ শস্যজাতীয় খাবার খেলে শরীরের প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম পাওয়া সহজ হয়।

তবে ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত না। অতিরিক্ত ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করলে পেটব্যথা, বমিভাব ও ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে।