logo

রং চা কি ওজন কমাতে পারে, দিনে কতটুকু পান করবেন

রং চা কি ওজন কমাতে পারে, দিনে কতটুকু পান করবেন
ছবি: ভিজিভাইট

ওজন কমাতে চাইলে অনেকেই সবার আগে দুধ চা খাওয়া কমিয়ে দেন। এর পরিবর্তে রং চা বা গ্রিন টি খাওয়া শুরু করেন। বিশেষ করে চিনি ছাড়া রং চা পান করলে ওজন নিয়ন্ত্রণে সুবিধা পাওয়া যায় বলে মনে করেন অনেকে।

তবে শুধু রং চা পান করলেই কি ওজন কমতে পারে? গবেষণা বলছে, রং চায়ে থাকা কিছু উপাদান শরীরের বিপাকপ্রক্রিয়া ও চর্বি ব্যবহারে সামান্য প্রভাব ফেলতে পারে। তবে এটি সরাসরি ওজন কমানোর কোনো উপায় না। চিনিযুক্ত পানীয়ের বদলে এটি পান করলে দৈনিক ক্যালরি গ্রহণ কমাতে সাহায্য করতে পারে।

রং চায়ে পলিফেনল নামের কিছু প্রাকৃতিক উপাদান আছে। এর মধ্যে থিয়াফ্লাভিন ও থিয়ারুবিজ উল্লেখযোগ্য। এসব উপাদানের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে। এগুলো শরীরের বিপাকপ্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে।

ওজন কমাতে যেভাবে সাহায্য করতে পারে রং চা

ক্যালরি গ্রহণ কমাতে সাহায্য করে: চিনি ছাড়া রং চায়ে ক্যালরির পরিমাণ খুবই কম থাকে। তাই চিনিযুক্ত চা, কোমল পানীয় বা মিষ্টি কফির বদলে রং চা পান করলে দৈনিক ক্যালরি গ্রহণ কমতে পারে।

ছবি: টি লিভজ
ছবি: টি লিভজ

তবে এতে চিনি মেশালে এর ক্যালরির পরিমাণ বেড়ে যায়। তাই ওজন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পান করলে চিনি ছাড়া পান করাই ভালো।

বিপাকপ্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে: রং চায়ে থাকা পলিফেনল শরীরের বিপাকপ্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে থিয়াফ্লাভিন ও অন্যান্য প্রাকৃতিক উপাদান শরীরে চর্বি ও শর্করা প্রক্রিয়াজাত করার পদ্ধতিতে প্রভাব ফেলতে পারে। তবে এসব উপাদান সরাসরি ওজন কমায়, এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি।

শরীরের চর্বি ব্যবহারে ভূমিকা রাখতে পারে: রং চায়ের কিছু উপাদান শরীরে চর্বি ভাঙা ও ব্যবহারের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। এর পলিফেনল চর্বি বিপাকের সঙ্গে যুক্ত কিছু এনজাইমের সঙ্গে কাজ করতে পারে।

তবে এই প্রভাব খুব বেশি না। তাই রং চা পান করলেই দ্রুত শরীরের মেদ কমবে, এমন ধারণা ঠিক না।

ছবি: সিএনএন
ছবি: সিএনএন

অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ওপর প্রভাব ফেলে: রং চায়ে থাকা পলিফেনল অন্ত্রের ব্যাকটেরিয়ার সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে। গবেষণায় দেখা গেছে, চায়ের এসব উপাদান অন্ত্রের জীবাণুর গঠন ও কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকলে শরীরের বিপাকপ্রক্রিয়াও ভালোভাবে কাজ করতে পারে। তবে শুধু রং চা পান করলে ওজন কমে, এমন প্রমাণ পেতে আরও গবেষণা দরকার।

সাময়িকভাবে কর্মক্ষমতা বাড়াতে পারে: রং চায়ে ক্যাফেইন থাকে। এটি সাময়িকভাবে কর্মক্ষমতা বাড়াতে পারে। ক্লান্ত লাগলে চা পান করলে সতেজ অনুভূতি পাওয়া যায়। ব্যায়ামের আগে ক্যাফেইন গ্রহণ করলে কিছু মানুষের শরীরে শক্তি অনুভূত হতে পারে। পাশাপাশি এটি সামান্য সময়ের জন্য শরীরের শক্তি খরচও বাড়াতে পারে।

তবে এই প্রভাব সীমিত। নিয়মিত ক্যাফেইন গ্রহণ করলে শরীর ধীরে ধীরে এর সঙ্গে অভ্যস্ত হয়ে যেতে পারে।

ওজন কমাতে দিনে কত কাপ রং চা পান করবেন?

ওজন কমানোর জন্য দিনে নির্দিষ্ট পরিমাণ রং চা পান করতে হবে, এমন কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নিয়ম নেই। তবে সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক থেকে তিন কাপ রং চা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। অবশ্য এটি ব্যক্তির ক্যাফেইন সহ্য করার ক্ষমতার ওপর নির্ভর করে।

ছবি: সিএনএন
ছবি: সিএনএন

ওজন নিয়ন্ত্রণের জন্য রং চা পান করলে চিনি ছাড়া পান করা ভালো।

শুধু রং চা পান করলেই কি ওজন কমবে?

না। রং চা একা ওজন কমানোর কোনো সমাধান না। ওজন কমানোর ক্ষেত্রে প্রতিদিনের খাবার, শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম ও শরীর যতটুকু ক্যালরি খরচ করে তার তুলনায় কতটুকু ক্যালরি গ্রহণ করা হচ্ছে, এসব বিষয় বেশি গুরুত্বপূর্ণ।

কেউ যদি নিয়মিত অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার খান, তাহলে শুধু রং চা পান করে ওজন কমানো সম্ভব না। বরং চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে চিনি ছাড়া রং চা পান করলে ক্যালরি গ্রহণ কমাতে সুবিধা হতে পারে।

তাই ওজন কমাতে চাইলে একে সহায়ক পানীয় হিসেবে রাখতে পারেন। তবে এর ওপর নির্ভর না করে সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে মনোযোগ দেওয়াই বেশি জরুরি।

সূত্র: এনডিটিভি