logo

ওলিপুরীকে আলোচনায় বসার আহ্বান জানালেন বিকেএম আমিরের তিন উপদেষ্টা

ওলিপুরীকে আলোচনায় বসার আহ্বান জানালেন বিকেএম আমিরের তিন উপদেষ্টা
বৈঠকে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মাহফুজুল হক ও মাওলানা লিয়াকত আলী। ইনসেটে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমির মাওলানা মামুনুল হকের রাজনৈতিক অবস্থান ও ভূমিকা নিয়ে আপত্তি করা মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তার তিন উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মাওলানা মাহফুজুল হক ও মাওলানা লিয়াকত আলী। তার উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে পত্রের মাধ্যমে খোলাখুলি আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তা না করে খোলা চিঠি প্রকাশ করায় এই পাল্টা উত্তরপত্র প্রকাশ্যে আনা হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মামুনুল হকের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে একটি চিঠি প্রকাশ করা হয়। সেখানে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীকে সরাসরি বসে আলোচনা করার আহ্বান জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও ভূমিকা এবং বিভিন্ন বক্তব্য নিয়ে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী কিছু অভিযোগ তুলে একটি পত্র পাঠিয়েছিলেন। এর প্রেক্ষিতে ওই তিন উপদেষ্টা পারস্পরিক আলোচনা করে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর মাধ্যমে সরাসরি একত্রে বসে বিস্তারিত আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। তাদের প্রত্যাশা ছিল, পারস্পরিক প্রশ্নোত্তর ও ব্যাখ্যার মাধ্যমে ভুল বোঝাবুঝি নিরসন করা সম্ভব হবে। কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে বিষয়টি খোলা চিঠির মাধ্যমে সর্বসাধারণের সামনে উপস্থাপন করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এ ধরনের স্পর্শকাতর বিষয়ের সমাধান চিঠি আদান-প্রদানের মাধ্যমে সম্ভব নয়। পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্য বজায় রেখে সরাসরি উপস্থিতিতে খোলামেলা আলোচনার মাধ্যমেই কেবল এর সঠিক সুরাহা হতে পারে। তাই এখনো আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, যেহেতু বিষয়টি জনসমক্ষে আনা হয়েছে, সেহেতু প্রকৃত অবস্থা অবহিত করতে এই উত্তরপত্রটিও সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হলো।

চিঠির শেষাংশে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী এই আহ্বান ইতিবাচকভাবে গ্রহণ করে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তিতে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন তিন উপদেষ্টা। পত্রটিতে যৌথভাবে স্বাক্ষর করেছেন অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা লিয়াকত আলী ও মাওলানা মাহফুজুল হক।