গণঅভ্যুত্থানের ডিজাইন হাসিনাই তৈরি করেছিল: মুজিবুল হক মঞ্জু

চব্বিশের জুলাই মাসে পরিকল্পিতভাবে ছাত্র-জনতাকে গুম, খুন ও গ্রেপ্তারের মাধ্যমে গণঅভ্যুত্থানের ডিজাইন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তৈরি করেছিলেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বৃহস্পতিবার (২ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
টকশোতে দেওয়া বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅভ্যুত্থানের ডিজাইন শেখ হাসিনাই তৈরি করেছেন। আপনি দেখেন—একটা পর্যায় পর্যন্ত ছাত্রদের আন্দোলনটা ছাত্রদের আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এর পরে যখন বারবার বলা হচ্ছিল এটার পেছনে বিএনপি-জামায়াত, বিএনপি-জামায়াত; আপনি দেখেন সে সময় গ্রেপ্তার করা হয়েছে বেশি বিএনপি-জামায়াতের লোকজনকে। আমি তো জেলখানায় দেখেছি বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে মিলিয়ে ফেলেছেন। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নির্মম হত্যাকাণ্ড এবং পুলিশের এপিসি (সাঁজোয়া যান) থেকে আসাবুল ইয়ামিনকে রাস্তায় ফেলে দেওয়ার দৃশ্য মানুষকে স্তব্ধ ও ক্ষুব্ধ করেছিল। মীর মাহফুজুর রহমান মুগ্ধর মতো তরুণদের আত্মত্যাগ আন্দোলনের গতিপথ বদলে দেয়।
সে সময় নারীদের রাজপথে নেমে আসার প্রসঙ্গ টেনে মজিবুর রহমান মঞ্জু বলেন, নারীরা স্লোগান দিয়েছিল— পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। এসব ঘটনা দেশের সাধারণ মানুষের মাঝে অদ্ভুত এক উন্মাদনা তৈরি করেছিল। এই যে মানুষ রাস্তায় নেমে এসেছে, শিশুরা নেমে এসেছে—এটাই তো গণঅভ্যুত্থানের রূপ।





