logo

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ইংল্যান্ডের দুঃসংবাদ, দলে নতুন ওপেনার

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ইংল্যান্ডের দুঃসংবাদ, দলে নতুন ওপেনার
ইংল্যান্ড টেস্ট দল। ছবি: গার্ডিয়ান

দক্ষিণ আফ্রিকা সফরের আগে চোটে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। হাঁটুর সমস্যায় তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল। তার জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী বেন ম্যাককিনি। কাউন্টি ক্রিকেটে এক হাজারের বেশি রান করে ইংল্যান্ডের নির্বাচকদের নজর কেড়েছেন ডারহামের এই বাঁহাতি ওপেনার।

শনিবার (২১ নভেম্বর) দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৫ সদস্যের সংশোধিত দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। জো রুটের নেতৃত্বাধীন দলে বেথেলের পরিবর্তে জায়গা পেয়েছেন ম্যাককিনি। আগামী ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

Advertisement

গত কয়েক মাস ধরে ডান হাঁটুর চোটে ভুগছেন বেথেল। চলতি বছরের মাঝামাঝি অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তাঁর। তবে অনুশীলনে আবারও সমস্যা দেখা দেওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাঁটুতে দ্বিতীয়বার অস্ত্রোপচার করিয়েছেন ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেলেন তিনি।

বেথেলের অনুপস্থিতিতে নির্বাচকদের নজর পড়েছে ম্যাককিনির দিকে। প্রথমবার মূল জাতীয় দলে ডাক পেলেও ইংল্যান্ডের ক্রিকেট কর্তাদের নজরে অনেক দিন ধরেই ছিলেন তিনি।

২০২৩ সালে মাত্র ১৮ বছর বয়সে ডারহামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ম্যাককিনির। এরপর ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রতিশ্রুতিশীল ওপেনার হিসেবে।

এখন পর্যন্ত ৪০টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৭ দশমিক ৯২ গড়ে ২ হাজার ৩৮৯ রান করেছেন তিনি। তবে জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের সর্বশেষ মৌসুমে তাঁর পারফরম্যান্স।

এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে ১৪ ম্যাচে ৫২ দশমিক ২০ গড়ে ১ হাজার ৪৪ রান করেছেন ম্যাককিনি। ডারহামের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি পুরো বিভাগের তৃতীয় সর্বোচ্চ রানও এসেছে তার ব্যাট থেকে।

গত মৌসুমে গ্লস্টারশায়ারের বিপক্ষে ২৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। এ ছাড়া মিডলসেক্সের বিপক্ষে ১৮৪ এবং ডার্বিশায়ারের বিপক্ষে ১৪০ রান করেন তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্স ডারহামকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে উন্নীত হতেও সাহায্য করেছে।

শুধু ঘরোয়া ক্রিকেট নয়, ইংল্যান্ড লায়ন্সের হয়েও সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ম্যাককিনি। মাত্র তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েই ২০২৪ সালে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলে ডাক পেয়েছিলেন তিনি।

এরপর অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ১১০ রানের একটি ইনিংস খেলেন তরুণ এই ওপেনার। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষেও ১৪৫ রান করে নির্বাচকদের নজর কাড়েন তিনি।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনও একেবারে অপরিচিত নয় ম্যাককিনির কাছে। ২০২৪ সালে দেশটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ফলে এবার মূল জাতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ পেলে পরিচিত পরিবেশে খেলার সুযোগ পাবেন এই তরুণ।

শুরুতে ইংল্যান্ড লায়ন্সের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা ছিল ম্যাককিনির। তবে বেথেলের চোটে সরাসরি মূল দলে জায়গা পেয়েছেন তিনি। যদিও টেস্ট একাদশে তার সুযোগ পাওয়া এখনো নিশ্চিত নয়। বেন ডাকেট, এমিলিও গে ও জর্ডান কক্সদের সঙ্গে টপ অর্ডারে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকতে হবে তাকে।

এই সফর দিয়ে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে প্রথম সিরিজে দায়িত্ব পালন করবেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তার অধীনে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন পরীক্ষায় নামবে ইংল্যান্ড।

মূল সিরিজের আগে আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর ডারবানে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

এরপর ১৭ ডিসেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে। তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে আগামী বছরের ৩ জানুয়ারি থেকে কেপটাউনে।

ইংল্যান্ডের সংশোধিত টেস্ট দল: জো রুট (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, বেন ম্যাককিনি, লিয়াম প্যাটারসন-হোয়াইট, অলি রবিনসন, জেমি স্মিথ ও জশ টাং।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট