বল টেম্পারিং নিয়ে নতুন অভিযোগ, এবার প্রমাণ চাইলেন ওয়ার্নার

আট বছর আগের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন। উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর একের পর এক বিস্ফোরক দাবি সামনে আসছে। এবার নতুন করে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার।
অস্ট্রেলিয়ার প্রখ্যাত ক্রীড়া সম্প্রচারক জেরার্ড হোয়াটলির অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে স্যান্ডপেপার-কাণ্ডের আগেও বলের অবস্থা বিকৃত করেছিলেন ওয়ার্নার। এ কাজে আঙুলের টেপে সুপারগ্লু ও দানাদার পদার্থ ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নিউজ কর্প ও এসইএন রেডিওতে প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদন।
হোয়াটলির অনুসন্ধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওর মন্তব্যের ঘরে অভিযোগের জবাব দিয়েছেন ওয়ার্নার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, হোয়াটলির বর্ণনার সঙ্গে নিজের স্মৃতিতে থাকা ঘটনাপ্রবাহের কোনো মিল নেই বলে দাবি করেছেন সাবেক এই ওপেনার।
ওয়ার্নার বলেন, ‘এই অভিযোগগুলোর পক্ষে কী বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে, তা কি বিনয়ের সঙ্গে জানতে চাইতে পারি?’
যাচাই না করা তথ্য জনসমক্ষে ছড়িয়ে দিয়ে জল্পনা বাড়ানোর পরিবর্তে প্রকৃত ঘটনা প্রতিষ্ঠার আহ্বানও জানিয়েছেন ওয়ার্নার। পাশাপাশি সাংবাদিকতা ও হেনস্তার মধ্যকার পার্থক্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সম্প্রতি নিজের আত্মজীবনী ‘সবর’-এ খাজা দাবি করেন, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে পুরো অস্ট্রেলিয়া দলই অবগত ছিল। তার বক্তব্যকে সমর্থন করেছেন ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। তবে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।
এরই মধ্যে নতুন আরেকটি তথ্য সামনে এনেছেন খাজা। তার দাবি, কেপটাউন কেলেঙ্কারির পর সংযুক্ত আরব আমিরাত সফরেও দলের এক সদস্য মিষ্টিজাতীয় খাবার ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। তৎকালীন অধিনায়ক টিম পেইন সেই আলোচনা থামিয়ে দেন। বিষয়টি নিয়ে ক্রিকেটারদের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। তবে ওই ক্রিকেটারের পরিচয় প্রকাশ করেননি খাজা।
এদিকে নতুন করে বিতর্ক শুরু হলেও ২০১৮ সালের তদন্তের পক্ষে অবস্থান নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, সে সময়কার পরিস্থিতি ও হাতে থাকা তথ্যের ভিত্তিতে যথাসাধ্য কাজ করেছিলেন তারা।
নতুন করে তদন্তের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে নতুন কোনো শাস্তির ভয় ছাড়াই সংশ্লিষ্ট ক্রিকেটাররা যেন নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন, সে জন্য একটি স্বাধীন আলোচনার ব্যবস্থা করছে সংস্থাটি।
কেপটাউন কেলেঙ্কারির ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। নয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ব্যানক্রফট। এত বছর পর সতীর্থদের পাল্টাপাল্টি বক্তব্যে বিতর্ক নতুন মাত্রা পেলেও এখনো প্রকাশ্যে মুখ খোলেননি স্মিথ।




